Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৩, ২০২৬

নরওয়ে দাবায় কার্লসেনকে দুবার কিস্তিমাত। বিশ্বনাথন আনন্দের ঐতিহাসিক কীর্তি স্পর্শ প্রজ্ঞানন্দের

আরম্ভ ওয়েব ডেস্ক
নরওয়ে দাবায় কার্লসেনকে দুবার কিস্তিমাত। বিশ্বনাথন আনন্দের ঐতিহাসিক কীর্তি স্পর্শ প্রজ্ঞানন্দের

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। একই ক্লাসিক্যাল টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেনকে দুবার হারিয়ে বিশ্বনাথন আনন্দের ঐতিহাসিক কীর্তি স্পর্শ করলেন। বুধবার নরওয়ে দাবা টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে প্রজ্ঞানন্দ হারিয়েছেন দাবার কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনকে। গত ২৭ মে এই প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। চেন্নাইয়ের ২০ বছর বয়সী এই গ্র‌্যান্ডমাস্টার অষ্টম রাউন্ডে কালো ঘুঁটি নিয়েও আবার কার্লসেনের বিরুদ্ধে জয় তুলে নিলেন। উল্লেখ্য যে, ২০২৪ সালে এই নরওয়ে দাবা টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ।

ক্লাসিক্যাল দাবার গত ১৯ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও খেলোয়াড় একই টুর্নামেন্টে নরওয়ের এই কিংবদন্তিকে দুবার পরাজিত করতে সক্ষম হয়েছেন। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ভারতীয় কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ। তিনি ২০০৭ সালে লিনারেস আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে কার্লসেনকে দুবার হারিয়েছিলেন।

কার্লসেনকে একই প্রতিযোগিতায় দু–দুবার হারিয়েও উন্মাদনায় গা ভাসাতে নারাজ প্রজ্ঞানন্দ। খেতাবের দিকেই তাঁর দৃষ্টি নিবদ্ধ। ম্যাচ শেষে চেসব্যাস ইন্ডিয়াকে প্রজ্ঞানন্দ বলেন, ‘‌ম্যাগনাসকে হারানোর চেয়ে, আমার মনে হয় টুর্নামেন্টের এই পর্যায়ে একটা ম্যাচ জেতা বেশি গুরুত্বপূর্ণ। আমি খুশি যে, সেটা আমি করতে পেরেছি।’‌ কার্লসেন সম্পর্কে বলতে গিয়ে প্রজ্ঞানন্দ উল্লেখ করেন, তিনি জিতলেও কার্লসেন খুব বেশি পিছিয়ে ছিলেন না। তিনি কার্লসেনের অসাধারণ রক্ষণাত্মক দক্ষতার প্রশংসা করে বলেন, ‌প্রচণ্ড চাপের মধ্যেও কার্লসেন সঠিক পদক্ষেপ খুঁজে নিচ্ছিলেন।‌

কার্লসেন সম্পর্কে প্রজ্ঞানন্দ বলেন, ‘‌খুব ভাল খেলছিল এবং দুর্দান্তভাবে রক্ষণও করছিল। আমার মনে হয়, অন্য অনেক খেলোয়াড় হলে এখানে ছোটখাটো অবস্থানগত ভুল করতে শুরু করত। কিন্তু কার্লসেন ক্রমাগত সঠিক চালগুলো দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে, আমি সত্যি ভেবেছিলাম খেলাটা ড্র হয়ে যাবে। সে যেভাবে ভুলটা করল তা আশ্চর্যজনক ছিল, কারণ ওই পর্যন্ত সে খুব ভালোভাবে রক্ষণ করছিল।’‌

একদিন বিশ্রামের পর প্রজ্ঞানন্দ টুর্নামেন্টের শেষ দুই রাউন্ডের জন্য আবার বোর্ডে নামবেন। তাঁর পরবর্তী চ্যালেঞ্জ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ। যদিও গুকেশ এই মুহূর্তে ছন্দে নেই। নিজের সেরা ফর্ম খুঁজে পেতে লড়াই করছেন। শেষ রাউন্ডে প্রজ্ঞানন্দ জার্মানির ভিনসেন্ট কেইমারের মুখোমুখি হবেন। প্রজ্ঞানন্দ বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। তিনি টুর্নামেন্টের শীর্ষস্থানে থাকা ওয়েসলি সো (১৪ পয়েন্ট) এবং দ্বিতীয় স্থানে থাকা আলিরেজা ফিরোজজার (১৩ পয়েন্ট) ঠিক পেছনেই রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!