- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৬
এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ভারতের তিন পদক, ইতিহাস হর্ষিত–অক্ষতর
চিনের জুনয়িতে অনুষ্ঠিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের ছেলেদের জুনিয়র বিভাগে ভল্ট ইভেন্টে সোনা ও রুপো জিতে ইতিহাস সৃষ্টি করেছে দুই ভারতীয় জিমন্যাস্ট হর্ষিত দামোদরন ও অক্ষত বাজাজ। মহাদেশীয় এই প্রতিযোগিতায় ১৩.৬৪৯ স্কোর করে সোনা জিতেছে হর্ষিত এবং ১৩.৪৩৩ স্কোর করে রুপো জিতেছে অক্ষত।
হর্ষিত প্রথম প্রচেষ্টায় ১৩.৮৬৬ স্কোর করে। প্রথম ভল্টের ডিফিকাল্টি স্কোর ছিল ৪.৮। দ্বিতীয় ভল্টে ১৩.৪৩৩ স্কোর করে হর্ষিত । দুটি প্রচেষ্টায় মোট ১৩.৬৪৯ গড় নিয়ে স্বদেশী অক্ষতকে পেছনে ফেলে শীর্ষস্থান অর্জন করে হর্ষিত । অন্যদিকে, অক্ষত তার দুটি ভল্টে যথাক্রমে ১৩.৫০০ এবং ১৩.৩৬৬ স্কোর করে মোট ১৩.৪৩৩ গড় নিয়ে রুপো নিশ্চিত করে।
এই প্রথম ভারত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে সোনা ও রুপো জিতল, যা একটা বিশাল কৃতিত্ব। জাতীয় কোচ রাকেশ পাত্রের তত্ত্বাবধানে দেশকে এই সাফল্য এনে দিয়ে এই দুই তরুণ জিমন্যাস্ট । দলগত বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগে সোনা ও রুপো জিতেছে হর্ষিত ও অক্ষত । এই সাফল্যের পেছনেও ওড়িশা সরকারের অবদান রয়েছে । ওড়িশা সরকারের সহযোগিতামূলক প্রশিক্ষণ মডেল থেকেই উঠে এসেছে হর্ষিত ও অক্ষত । তরুণ ক্রীড়াবিদরা এখন ওড়িশা সরকারের অধীনে ২০৩০ কমনওয়েলথ গেমসের মতো সিনিয়র আন্তর্জাতিক মঞ্চের জন্য তৈরি হচ্ছে ।
জুনয়ির অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামের ভেতরের পরিবেশ ভারতীয় জিমন্যাস্টদের কাছে যথেষ্ট চ্যালেঞ্জের ছিল। সেখানে এশিয়ার সেরা তরুণ জিমন্যাস্টরা নিজেদের দক্ষতা মেলে ধরতে সামিল হয়েছিল। তবুও, ভল্ট ফাইনালে ভারতীয় দলই সম্পূর্ণভাবে সবার দৃষ্টি আকর্ষণ করে। চিন, জাপান এবং উজবেকিস্তানের মতো ঐতিহ্যবাহী জিমন্যাস্টিক্সের সেরা প্রতিভাদেরও পেছনে ফেলে সোনা ও রুপো জিতে নেয়।
উত্তর প্রদেশের বাসিন্দা হর্ষিত বাছাইপর্বে শীর্ষস্থান অধিকার করে ফাইনালে উঠে আসে। প্রথম প্রচেষ্টাতেই চমৎকার হ্যান্ডস্প্রিং ফ্রন্ট ডাবল টুইস্ট করে বিচারকদের দৃষ্টি আকর্ষন করে ১৩.৮৬৬ পয়েন্ট অর্জন তুলে নেয় । এরপর দ্বিতীয় প্রচেষ্টায় তিনি একটা ধারাবাহিক সুকাহারা ৭২০ সম্পন্ন করে ১৩.৬৪৯ গড় নিয়ে শিরোপা জিতে নেয় । দিল্লির অক্ষত বাজাজ স্ক্র্যাম্বলিং সুকাহারা ৭২০ এবং ইউরচেঙ্কো ৭২০ রুটিনে অত্যন্ত নিখুঁত পারদর্শিতা দেখিয়ে চূড়ান্ত গড় স্কোরে ১৩.৪৩৩ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন । পেছনে ফেলে দেয় উজবেকিস্তানের বেকজাদ বখতিয়ারভকে (১৩.২৮৩ স্কোর নিয়ে তৃতীয় হন)।
দুই ছাত্রের সাফল্য প্রসঙ্গে ভারতীয় পুরুষ আর্টিস্টিক দলের কোচ রাকেশ পাত্র বলেন, ‘ছেলেদের এটা একটা দারুণ সাফল্য। এক মাস আগে ভুবনেশ্বরে জাতীয় ক্যাম্পে ওরা খুব ভালোভাবে অনুশীলন করেছে। প্রস্তুতির অংশ হিসেবে আমি ওদের লন্ডনেও নিয়ে গিয়েছিলাম। ওরা ভাল করছে। আশা করি ২০৩০ সালের কমনওয়েলথ গেমসে এদের হাত ধরেই ভারত পদক জিতবে ।’ সকলের নজর এখন মহিলাদের প্রতিযোগিতার দিকে । চিনের জুনয়িতে ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত এশিয়ান জুনিয়র মহিলা আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা।
❤ Support Us








