- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৬
দুবার পিছিয়ে পড়েও নাটকীয় জয় মরক্কোর, নক আউটে অ্যাটলাস লায়ন্সরা
প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র। দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নক আউটের দিকে পা বাড়িয়েই রেখেছিল মরক্কো। লড়াইটা ছিল গ্রুপ শীর্ষে থাকার। শেষ ম্যাচে হাইতির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় দরকার ছিল। কিন্তু শুরুতেই পিছিয়ে পড়ে ব্যাকফুটে চলে যায় মরক্কো। দু’দুবার পিছিয়ে পড়েও অবশেষে দুরন্ত প্রত্যাবর্তন। ৪–২ ব্যবধানে জিতে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে নক আউটে অ্যাটলাস লায়ন্সরা।
মরক্কোর বিরুদ্ধে গোটা ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়েছিল হাইতি। শুরুতেই এগিয়ে গিয়ে মরক্কোকে চাপে ফেলে দিয়েছিল। ম্যাচের ১০ মিনিটে ইয়াসিন বুনুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় হাইতি। জোসুয়ে কাসিমির কাছ থেকে বল পেয়ে বক্সের মধ্যে সেন্টার করেন ডুভের্নে। সেই বল ধরে ব্যাকহিল করেছিলেন লেনি জোসেফ। মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে মরক্কো। কিন্তু হাইতির অভিজ্ঞ গোলকিপার জনি প্লাসিদেকে হার মানাতে পারছিলেন না ইসমাইল সাইবারিরা।
অবশেষে ম্যাচের ৩৯ মিনিটে সমতা ফেরায় মরক্কো। বিলাল এল খান্নুস হাইতির থ্রু ঠিকমতো ধরতে পারেননি হাইতির গোলকিপার প্লাসিদে। বল পেয়ে যান আশরাফ হাকিমি। দারুণ ফিনিশিংয়ে সমতা ফেরান। ৪২ মিনিটে আবার এগিয়ে যায় হাইতি। ডুভের্নের পাস থেকে দুরপাল্লার জোরালো শটে ২–১ করেন উইলসন ইসিদো। বেশিক্ষণ অবশ্য এগিয়ে থাকতে পারেনি হাইতি। প্রথমার্ধের ইনজুরি সময়ের শেষদিকে আশরাফ হাকিমির পাস থেকে সমতা ফেরান ইসমাইল সাইবারি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় মরক্কো। আক্রমণের চাপে সামনে হাইতির রক্ষণ ভেঙে পড়ে। ৭৮ মিনিটে ইয়াসিন গেসিনের গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ইনজুরি সময়ে রাহিমির পাস থেকে গেসিম ইয়াসিন গোল করে মরক্কোকে ৪–২ ব্যবধানে জয় এনে দেন। ব্রাজিল ও মরক্কো দুই দলই ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করলেও গোল পার্থক্যে মরক্কো দ্বিতীয় স্থানে।
❤ Support Us









