Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২৬, ২০২৬

বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত

পাকিস্তান ও হল্যান্ডকে হারিয়ে মহিলাদের টি২০ বিশ্বকাপে দারুণ শুরু করেছিল ভারত। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দপতন। দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। সে পরাজয়ের হতাশা কাটিয়ে বাংলাদেশের বিরুদ্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন হরমনপ্রীত কাউররা। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল ভারত। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন দুই স্পিনার রাধা যাদব ও শ্রী চরণি।

ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ওভারেই ভারতকে সাফল্য এনে দেন রেণুকা সিং। তুলে নেন দিলহারা আখতারকে (‌৪)‌। ভারতীয় ফিল্ডারদের ব্যর্থতার সুযোগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান জুয়াইরিয়া ফিরদৌস (‌৩১ বলে ৩৩)‌ সোভনা মোস্তারি (‌২৬ বলে ২২)‌। তৃতীয় থেকে পঞ্চম ওভারের মধ্যে ভারতীয় ফিল্ডাররা ৫টি ক্যাচ ফেলেন। সেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একি ভুলের পুনরাবৃত্তি। যার মাশুল দিতে হয়েছিল ভারতকে। বাংলাদেশও ভারতীয় ফিল্ডারদের ভুল কাজে লাগায়। ধীর গতিতে হলেও ছোট ছোট জুটির মাধ্যমে ১০০ রানের গণ্ডি পার করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তোলে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা ২৭ বলে করেন ৩২। ভারতের হয়ে রাধা যাদব ২৮ রানে ৩টি ও শ্রী চরণি ২১ রানে ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই স্মৃতি মানধানা (‌৮)‌ আউট হয়ে গেলেও চাপে পড়েনি ভারত। আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতকে এগিয়ে নিয়ে যান শেফালি ভার্মা। যস্তিকা ভাটিয়া (‌১৮ বলে ২৩)‌ তাঁকে সঙ্গ দেন। নবম ওভারে আউট হন শেফালি। ৩৪ বলে তিনি করেন ৫৩। শেফালি যখন আউট হন, তখন দলের স্কোর ছিল ৭৬। এরপরি ভারতীয় ইনিংস হঠাৎ করে হোঁচট খায় এবং ৯৮ রানের মধ্যে চারটি উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৬.‌৫ ওভারে ১৩৯/‌৫ তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ১২ বলে ১০ রান করেন রিচা ঘোষ। ১৫ বলে ২৬ রান জেমাইমা রডরিগেজের। বাংলাদেশের হয়ে রিতু মনি ২৯ রানে ২ উইকেট নেন।

বাংলাদেশের বিরুদ্ধে জয় ভারতকে সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে দিল। ৪ ম্যাচে ৩টি জয়ে ভারতের পয়েন্ট ৬। অস্ট্রেলিয়া এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট পেয়ে ইতিমধ্যেই প্রায় সেমিফাইনালে পৌঁছে গেছে। এখন ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনালের লড়াই। দক্ষিণ আফ্রিকা সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে, ভারতকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। যে কোনও মূল্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!