- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৬, ২০২৬
সুইডেনকে আটকে নকআউটে ব্রাজিলের সামনে জাপান। গ্রুপ শীর্ষে হল্যান্ড, ডাচদের প্রতিপক্ষ মরক্কো
শেষ ৩২–এ ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা নির্ভর করছিল জাপান ও সুইডেন ম্যাচের ওপর। সুইডেনের বিরুদ্ধে জাপান হারলে ব্রাজিলের মুখোমুখি হতো সুইডেন। ম্যাচ ড্র হওয়ায় নকআউটে ব্রাজিলের সামনে এশিয়ার পরাশক্তি জাপান। সুইডেন ও জাপান ম্যাচের ফল ১–১। অন্যদিকে, তিউনেসিয়াকে ৩–১ ব্যবধানে হারিয়ে ‘এফ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে হল্যান্ড। শেষ ৩২–এর লড়াইয়ে ডাচদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্স মরক্কো।
গ্রুপের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়া তিউনিসিয়া কানসাস সিটিতে হল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ২ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ৩ মিনিটে এলিস স্কিরির আত্মঘাতী গোল থেকে এগিয়ে যায় ডাচরা। ৭ মিনিটে ব্রায়ান ব্রবির গোলে ব্যবধান ২–০ হয়। বিশ্বকাপে এটা ব্রবির তৃতীয় গোল। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।
বিরতির পর অবশ্য কিছুটা ম্যাচে ফিরে আসে তিউনিসিয়া। ৫৪ মিনিটে হাজেম মাস্তুরি ব্যবধান কমান। তবে তৃতীয় গোল দিতে বেশি দেরি করেনি ডাচরা। ৬২ মিনিটে জাঁ পল ভ্যান হেকে ৩–১ করেন। শেষ পর্যন্ত ৩–১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে ডাচরা। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘সি’ এর রানার্স আপ দল মরক্কো। আগামী ৩০ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
গ্রুপের অন্য ম্যাচে জাপান ১–১ গোলে সুইডেনকে আটকে দিয়ে ব্রাজিলের সামনে পড়েছে। ডালাসে সুইডেন ও জাপান ম্যাচটি দারুণ জমে ওঠে। প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও কেউ গোল পায়নি। প্রথম ৪৫ মিনিটে কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কোনও দল। জাপানের নেইতো নাকামুরার বাঁকানো শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম। অন্যদিকে সুইডেনের আলেকসান্দার বের্নহার্দসনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন জিওন সুজুকি।
বিরতির পর ছন্দ পাল্টে যায় পুরো ম্যাচের। আক্রমণ–পাল্টা আক্রমণে জমে ওঠে। দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় জাপান। বিরতির পর ৫৬ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে জাপানকে এগিয়ে দেন দাইজেন মায়েদা। রিতসু দোয়ান ও আয়াসে উয়েদার দ্রুত পাস আদানপ্রদানের পর বল পেয়ে গোল করেন মায়েদা। তবে জাপানের এই অগ্রগমন স্থায়ী হয় মাত্র ৬ মিনিট। ডি বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে সমতা ফেরান অ্যান্টনি এলাঙ্গা। ম্যাচের শেষ দিকে দুই দলই গোলের সুযোগ পেলেও গোলরক্ষকদের দৃঢ়তায় আর স্কোরলাইন বদলায়নি।
৫ পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্স হয়েছে জাপান। জিততে না পারলেও এই ম্যাচে দারুণ খেলেছে জাপান। বড় কোনও তারকা না থাকলেও সংগঠিত ফুটবল, কৌশলগত শৃঙ্খলা, দলীয় বোঝাপড়া এবং মাঠে প্রতিটি বিভাগে ভারসাম্যের দিক থেকে জাপানকে এবারের বিশ্বকাপে অন্যতম আকর্ষণীয় দল বলছেন অনেকেই। ব্রাজিলকেও নিশ্চিতভাবে চ্যালেঞ্জের মুখে রাখবে তারা।
❤ Support Us








