Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৬

কালনায় বহুতলে তালা বিধায়কের, কাটোয়ায় ৭টি নির্মাণ কাজ বন্ধ করল পুরসভা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় বহুতলে তালা বিধায়কের, কাটোয়ায় ৭টি নির্মাণ কাজ বন্ধ করল পুরসভা

বেআইনি নির্মাণে কঠোর প্রশাসন। কালনায় একটি বহুতল বেআইনিভাবে তৈরি হয়েছে জেনে সেখানে গিয়ে তালা ঝোলালেন বিজেপির বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। আর কাটোয়ায় ৭টি বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দিল পুরসভা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন ২ শহরের শুভবুদ্ধিসম্পন্ন বাসিন্দারা।

কালনা পুরসভা সূত্রের খবর, শহরের ডাঙাপাড়া এলাকায় তৃণমূলের জমানায় একটি বহুতল ভবন নির্মাণের কাজ শুরু হয়। পুর আইন মেনে নির্মাণকার্য হয়নি বলে অভিযোগ ওঠে। রাজ্যে নতুন সরকার আসার পরই পুরসভার তরফে ওই বহুতলের মালিকের কাছে নির্মাণসংক্রান্ত নথি তলব করা হয়। পুরপ্রধান রিনা ব্যানার্জি জানান, ‘তাতে দেখা যায় ঠিকঠাক নিয়ম মানা হয় নি।’ বিধায়কের হুঁশিয়ারি, ‘কোথাও কোনো অবৈধ নির্মাণ থাকবে না।’

এদিকে কাটোয়া পুরসভার কার্যনির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডলের নেতৃত্বে ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা অভিযান চালিয়ে কাটোয়া শহরে ৭টি বেআইনি নির্মাণের কাজ বন্ধ করে দিল। পুরসভার তরফে মালিকপক্ষকে নোটিসও পাঠানো হয়েছে।

কাটোয়ার বিজেপি নেতা অশোক রায়ের দাবি, ‘তৃণমূলের জমানায় মোটা অর্থের বিনিময়ে শহরজুড়ে বহু অবৈধ নির্মাণ হয়েছে। পুরবোর্ড ভেঙে যাওয়ার পর প্রশাসক বসতেই এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ পুরসভা সূত্রের খবর, গোটা শহরজুড়ে কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে বা হচ্ছে, তা চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে। নির্মাণ অবৈধ প্রমাণ হলেই ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।


  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!