Advertisement
  • দে । শ
  • জুলাই ২৯, ২০২৬

নিট প্রশ্নফাঁস ইস্যুতে লোকসভায় তুমুল হট্টগোল, বিজেপিকে ‘অসংসদীয়’ ভাষায় কটাক্ষের অভিযোগে বিতর্কে রাহুল গান্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
নিট প্রশ্নফাঁস ইস্যুতে লোকসভায় তুমুল হট্টগোল, বিজেপিকে ‘অসংসদীয়’ ভাষায় কটাক্ষের অভিযোগে বিতর্কে রাহুল গান্ধি

নিট প্রশ্নফাঁস ইস্যুতে বুধবার লোকসভায় তুমুল হট্টগোলের সৃষ্টি হয় । বিরোধী দলনেতা রাহুল গান্ধির বক্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক । বিজেপির অভিযোগ, বক্তব্য রাখতে গিয়ে রাহুল বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে ‘অসংসদীয়’ ভাষা ব্যবহার করেছেন । এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু । পরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ওই শব্দগুলি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। রাহুল গান্ধীও পরে জানান, বিতর্কিত শব্দগুলি রেকর্ড থেকে বাদ দেওয়া হোক । শেষ পর্যন্ত হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি রাখা হয় ।

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত পড়ুয়া ও যুবকরাই দেশের গর্ব । তাঁদের দাবি, আন্দোলনকারীরা কখনও ঘৃণাভাষণ দেননি । এরপর এক তরুণীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “(অসংসদীয় ভাষা)-রা যুবদের কথা শোনে না ।” পাশাপাশি বিজেপি সমর্থকদের উদ্দেশে ‘অন্ধ ভক্ত’ বলেও মন্তব্য করেন তিনি ।
রাহুলের এই মন্তব্যের পরই বিজেপি সাংসদদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ শুরু হয় । কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অভিযোগ করেন, বিরোধী দলনেতা সংসদের মর্যাদা ক্ষুণ্ন করে ‘অসংসদীয়’ ভাষা ব্যবহার করেছেন ।

বিতর্ক বাড়তেই রাহুল গান্ধি স্পষ্ট করেন, তিনি ওই বিতর্কিত শব্দ সরকারকে উদ্দেশ্য করে ব্যবহার করেননি । একই সঙ্গে তিনি নিজেই অনুরোধ জানান, সংশ্লিষ্ট শব্দগুলি যেন লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয় ।

এদিন তিনি আরও দাবি করেন, নিট আন্দোলনকারীরা ‘অন্ধ ভক্ত’ হতে চান না বলেই সরকারের রোষের মুখে পড়েছেন । অভিভাবকদের আশঙ্কা সত্ত্বেও বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে পড়ুয়া ও আন্দোলনকারীরা প্রতিবাদে সামিল হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি ।

এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করে রাহুল বলেন, “তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রীর সাহস হল না লোকসভায় এসে বসার ।”
রাহুল গান্ধির বক্তব্য চলাকালীন স্পিকার ওম বিড়লা হস্তক্ষেপ করেন। তিনি জানান, তথ্য-প্রমাণ ছাড়া কোনও মন্তব্য সংসদের কার্যবিবরণীতে রাখা হবে না । পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, রাহুল যদি তাঁর নির্দেশ না মানেন, তবে পরবর্তী বক্তাকে ডেকে নেওয়া হবে ।

স্পিকারের মন্তব্যের সময় কংগ্রেস সাংসদদের ‘রাহুলজিকে বলতে দেওয়া হোক’ বলে স্লোগান দিতে শোনা যায় । অন্যদিকে এনডিএ সাংসদরাও লাগাতার প্রতিবাদ চালিয়ে যান । ক্রমবর্ধমান হট্টগোলের জেরে শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন দুপুর আড়াইটে পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!