- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৬, ২০২৬
মালদহে পুলিশের জালে দুই বাইক আরোহী, ব্যাগ থেকে উদ্ধার বিপুল টাকা ও মাদক
বীরভূমের পর ফের বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রাজ্যে। এ বার মালদহ জেলার গাজোলে দুই বাইক আরোহীর কাছ থেকে প্রায় ৪১ লক্ষ টাকা এবং ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর সঙ্গে বৃহত্তর মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে মালদহের গাজোল এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের রাঙাভিটা অঞ্চলে টহলদারি চলাকালীন দুই বাইক আরোহীর আচরণ সন্দেহজনক মনে হয়। এরপর তাঁদের আটক করে তল্লাশি চালানো হলে ব্যাগের ভিতর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এবং ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।
রাস্তার ধারে বসেই উদ্ধার হওয়া টাকার হিসাব শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত গণনায় মোট ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা পাওয়া গিয়েছে। পুলিশের অনুমান, মোট অর্থের পরিমাণ প্রায় ৪১ লক্ষ টাকা। ধৃত দুই যুবকের নাম সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডল। তাঁরা মালদহ জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইকে করে ওই নগদ অর্থ এবং মাদক মালদহ শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় ব্যবহৃত দুটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ৫৬৮ গ্রাম ব্রাউন সুগারের বর্তমান বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ নগদ অর্থ ও মাদক কোথায় এবং কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এই দুই যুবকের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পিছনে কোনও সংঘবদ্ধ মাদক পাচার চক্র কাজ করছে কি না, সেই দিকেও তদন্তকারীরা নজর দিচ্ছেন।
❤ Support Us







