- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৬, ২০২৬
দু-দশকেরও বেশি সময় পরে কলকাতা হাইকোর্টে একসঙ্গে ৮ নতুন বিচারপতি নিয়োগ
কলকাতা হাইকোর্টে একসঙ্গে আট জন নতুন বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। গত দু-দশকেরও বেশি সময়ে একসঙ্গে এত সংখ্যক বিচারপতির নিয়োগ এই প্রথম, যা আদালতের বিচারব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য নয় জন আইনজীবীর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে আট জনকে বিচারপতি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার তাঁরা শপথ গ্রহণ করবেন।
নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরা। তাঁদের যোগদানের পর কলকাতা হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হবে ৪৯। যদিও আদালতে অনুমোদিত বিচারপতির মোট সংখ্যা ৭২। ফলে দীর্ঘদিনের শূন্যপদের সংখ্যা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে।
বর্তমানে কলকাতা হাইকোর্টে দ্রুত বিচারপতি নিয়োগের দাবি জোরালো হয়েছে। এর অন্যতম কারণ, মূল বেঞ্চের পাশাপাশি এখন নিয়মিতভাবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিচালিত হচ্ছে। সেখানে প্রতি ১৫ দিনের জন্য চার জন বিচারপতিকে দায়িত্ব পালন করতে হয়। একই সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চেও বিচারপতিদের পাঠাতে হয়। ফলে বিচারপতির ঘাটতির প্রভাব আদালতের নিয়মিত কাজকর্মে পড়ছে। নতুন এই নিয়োগের ফলে সেই চাপ কিছুটা কমবে বলেই মনে করছেন আইনজীবী মহলের একাংশ।
❤ Support Us







