- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৩, ২০২৬
খাস কলকাতায় নেতাজীর মূর্তিতে ভাঙচুর! ১৫ অগাস্টের আগে নতুন মূর্তি বসানোর উদ্যোগ
নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক অপমানজনক ও কুরুচিকর মন্তব্য ঘিরে যখন রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে, ঠিক সে সময় খাস কলকাতার বুকে ভাঙচুর করা হলো নেতাজীর মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজীর একটি মূর্তির ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে দাবি বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে মূর্তিটি ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। মূর্তির ডান হাতটি ভেঙে দেওয়া হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে বিজেপি কর্মী-সমর্থকেরা জড়ো হন। তাঁরা মূর্তির পাদদেশে দাঁড়িয়ে ‘ভারত মাতা কি জয়’ এবং ‘নেতাজীর অপমান নহি সহেঙ্গে’ স্লোগান দেন। একইসঙ্গে ঘটনাস্থলে খোঁড়াখুঁড়ির কাজও শুরু করেন তাঁরা। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ অগাস্টের আগেই ওই জায়গায় নতুন নেতাজী মূর্তি বসিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হবে।
ঘটনার পর রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই ভাঙচুরের সঙ্গে যুক্ত। ঘটনাস্থলে উপস্থিত এক বিজেপি কর্মীর দাবি, নেতাজীকে নিয়ে কটূক্তির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বদলা নেওয়ার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। তবে মূর্তি কারা ভেঙেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
নেতাজীকে নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশ্য মঞ্চ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একাধিক অসম্মানজনক মন্তব্য ও পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্কের কেন্দ্রে রয়েছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ তথা নগেন্দ্র রায়। নেতাজীকে ‘দেশদ্রোহী’ বলেও আক্রমণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিতর্কের জেরেই অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও নিজের মন্তব্য ও অবস্থান থেকে এখনো সরে আসেননি তিনি। বরং তৎকালীন কংগ্রেস সরকার এবং দেশের প্রথম দিকের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনন্ত মহারাজ।
নেতাজীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কড়া বার্তা দিয়েছেন। পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজী সম্পর্কে অপমানজনক মন্তব্য বরদাস্ত করা হবে না বলে তিনি জানিয়েছেন এবং পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার ঠিক ২৪ এরই মধ্যে নিউ আলিপুরে নেতাজীর মূর্তিতে ভাঙচুরের ঘটনা নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে। নেতাজীর মূর্তি ভাঙার ঘটনায় কারা জড়িত, এর নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না— এ মুহূর্তে সেই প্রশ্নগুলিরই উত্তর খুঁজছে পুলিশ। তদন্তের ফল সামনে এলেই ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হবে।
❤ Support Us







