- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৩, ২০২৬
আরজি করের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগ! ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
আরজি করের ঘটনায় নির্যাতিতার দেহ দ্রুত সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগের তদন্তে বড়ো পদক্ষেপ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে গ্রেফতার করা হয়েছে। আরজি কর মামলার ফাইল নতুন করে খোলার পর এ ঘটনায় এটিই প্রথম গ্রেফতারি বলে জানা গিয়েছে।
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর তাঁর দেহ দ্রুত সৎকার করে দেওয়ার ঘটনায় একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। অভিযোগ, নিহতের পরিবারের সদস্যদের অনুমতি ছাড়াই দেহ সৎকার করা হয়। এমনকী পরিবারের কাছ থেকে ক্রিমেশনের খরচও নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রমাণ লোপাটের আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল। গত ৯ আগস্ট এই ঘটনায় তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, তড়িঘড়ি দেহ সৎকারের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। অভিযুক্তের হিসাবে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ের নামও সামনে আসে।
এরপর গত সোমবার খড়দা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সে অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওড়িশা থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়। তাঁকে বৃহস্পতিবার রাতেই অথবা শুক্রবার সকালে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হতে পারে বলে জানা গিয়েছে। নির্মল ঘোষের পরিবারের বিরুদ্ধেও এর আগে একাধিক অভিযোগ উঠেছে। গত ১৩ জুলাই তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অভিযোগ রয়েছে। অন্যদিকে, আরজি কর-কাণ্ডের পাশাপাশি লটারি সংক্রান্ত মামলাতেও নির্মল ঘোষের নাম জড়িয়েছে।
নির্মল ঘোষের গ্রেপ্তারির পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার জানিয়েছেন, আরজি করের ঘটনার সঙ্গে যুক্ত কোনো দোষীকে ছাড়া হবে না। ফলে দীর্ঘদিন ধরে বিতর্কে থাকা নির্যাতিতার দেহ সৎকারের ঘটনাটি নতুন করে তদন্তের কেন্দ্রে চলে এসেছে।
❤ Support Us







