- বি। দে । শ
- আগস্ট ২১, ২০২৬
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে জলদস্যুর হানা, বন্দি ২২ ভারতীয় নাবিক
ইয়েমেন ও সোমালিয়ার উপকূলের কাছে জলদস্যুদের হামলার শিকার হয়েছে অস্ত্র ও তেলবাহী দু-টি মালবাহী জাহাজ। দুই ঘটনায় মোট ২২ জন ভারতীয় নাবিক জলদস্যুদের কবলে পড়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে সোমালিয়ার পন্টল্যান্ড উপকূল থেকে অপহরণ করে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এডেন উপসাগরে হামলার শিকার তেলবাহী জাহাজটির ১৬ জন ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে।
প্রথম ঘটনাটি ঘটে সোমালিয়ার পন্টল্যান্ড উপকূলে। ক্যামেরুনের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ তুরস্কের টেকিরদাগ বন্দর থেকে অস্ত্র বোঝাই করে তানজানিয়ার দার এস সালামের উদ্দেশে যাচ্ছিল। পন্টল্যান্ডের ইল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় সাড়ে তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে হামলা চালায় আট জন জলদস্যু। জাহাজটির ১০ জন কর্মীকেই বন্দি করা হয়।
জাহাজটিতে ছ’জন ভারতীয় ছাড়াও এক জন তুর্কি, এক জন জর্জিয়ান এবং দু’জন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, বন্দি সকলকে নুগাল উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের বর্তমান অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। জাহাজটির মালিকানা Polar Movement Shipping নামে একটি সংস্থার। জানা গিয়েছে, মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানোর জন্য জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র ছিল। সেই অস্ত্র লুট করতেই জলদস্যুরা হামলা চালিয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হচ্ছে।
দ্বিতীয় ঘটনাটি ঘটে এডেন উপসাগরে। ইয়েমেনের উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দূরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী জাহাজ M.T. Sibu 1-এ ছ’জন জলদস্যু হামলা চালায়। ওই জাহাজে মোট ২০ জন নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১৬ জন ভারতীয়। এছাড়া সিরিয়া, সুদান ও ইরাকের নাগরিকরাও জাহাজটিতে ছিলেন। আরও এক নাবিকের নাগরিকত্ব এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে এই ঘটনায় স্বস্তির খবরও রয়েছে। ডিরেক্টরেট অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, M.T. Sibu 1-এর সব কর্মীই নিরাপদে রয়েছেন। ঘটনার পর জাহাজটির পরিস্থিতি সম্পর্কে e-Navik অনলাইন মেরিটাইম ক্যাজুয়ালটি রিপোর্টিং সিস্টেমে নিয়মিত আপডেট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, SKS Krishiv Marine Services-এর সুমিত কান্ত সিং জানিয়েছেন, তাঁদের সংস্থাই M.T. Sibu 1-এর চার জন কর্মীকে নিয়োগ করেছিল। ওই চার নাবিকের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সামুদ্রিক কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
দু-টি ঘটনায় মোট ২২ জন ভারতীয় নাবিকের নাম উঠে আসায় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে সোমালিয়ার উপকূলে অপহৃত ছ’জন ভারতীয়-সহ ১০ জন নাবিকের বর্তমান অবস্থান ও শারীরিক পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। তাঁদের উদ্ধারে পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে।
❤ Support Us








