Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • আগস্ট ২৯, ২০২৬

নেপালে উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত, রেকি ও মেডিক্যাল টিমের পর বেইলি ব্রিজ তৈরিরও প্রস্তাব । ভয়াবহ বিপর্যয়ের মাঝে নেপালকে ফের সতর্কবার্তা চিনের

আরম্ভ ওয়েব ডেস্ক
নেপালে উদ্ধারকারী দল পাঠাচ্ছে ভারত, রেকি ও মেডিক্যাল টিমের পর বেইলি ব্রিজ তৈরিরও প্রস্তাব । ভয়াবহ বিপর্যয়ের মাঝে নেপালকে ফের সতর্কবার্তা চিনের

ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালকে ফের নতুন আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করল চিন । লেন্ডে নদীর অববাহিকার উজানে হিমবাহ ধসের কারণে তৈরি হওয়া একটি হ্রদের পাড় যে কোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেজিং ।

নেপালের বিদেশমন্ত্রককে দেওয়া বার্তায় চিন জানিয়েছে, আকস্মিক বন্যার অভিঘাতে তৈরি হওয়া ওই হ্রদের জলের রং ক্রমশ গাঢ় হচ্ছে । এই পরিবর্তন থেকেই আশঙ্কা করা হচ্ছে, হ্রদের বাঁধ বা পাড় যে কোনও সময় ভেঙে যেতে পারে । ফলে আচমকা বিপুল পরিমাণ জল নেমে এসে নদীর অববাহিকা সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । একই সঙ্গে চিন জানিয়েছে, হ্রদে সঞ্চিত জলের পরিমাণ খুব বেশি নয়। ফলে হ্রদের পাড় ভেঙে গেলেও নদীতে জলের সর্বোচ্চ প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হওয়ার সম্ভাবনা নেই । নদীর প্রবাহ সাময়িক ভাবে বাড়লেও জলস্তর উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কাও খুব বেশি নয় বলে জানিয়েছে বেজিং । নদীর অববাহিকা সংলগ্ন জনবসতিগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে চিন। বিশেষ করে হ্রদের পাড় ভেঙে গেলে আচমকা জল নেমে আসার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলিতে নজরদারি ও সতর্কতা বজায় রাখার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, হিমবাহ ধসের ফলে তৈরি হওয়া প্রাকৃতিক বাঁধের কারণে ওই হ্রদের সৃষ্টি হয়েছে । আর এই হিমবাহ ধসই নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যার অন্যতম কারণ বলে জানা গিয়েছে । বুধবার থেকে হড়পা বান এবং হিমবাহ-সৃষ্ট হ্রদের ভাঙনে ভয়ংকর বিপর্যয়ের মুখে পড়েছে নেপাল । একের পর এক এলাকায় নেমে এসেছে ধ্বংসের ছায়া । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৬০০-তে পৌঁছেছে । নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এত বড় প্রাকৃতিক দুর্যোগ সাম্প্রতিক সময়ে নেপালকে এ ভাবে বিপর্যস্ত করেনি । এর আগে ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল নেপালের বিস্তীর্ণ এলাকা । সেই বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছিল হিমালয়ের এই দেশ । কিন্তু ফের এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়িয়ে নেপাল । তার মধ্যেই লেন্ডে নদীর অববাহিকার উজানে তৈরি হওয়া হ্রদের পাড় ভেঙে পড়ার নতুন আশঙ্কা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে ।

নেপালের ভয়াবহ হড়পা বান বিপর্যয়ের পর উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যের জন্য উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি শুরু করেছে ভারত । নেপাল সরকারের অনুরোধেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক । উদ্ধারকারী দলের পাশাপাশি একটি মেডিক্যাল টিমও নেপালে পাঠানো হবে । বিপর্যয়ে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলির সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বেইলি ব্রিজ তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে ভারত ।

শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল জানান, নেপালে মূল উদ্ধারকারী দল পাঠানোর আগে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী বা ‘রেকি’ দল সেখানে যাবে । তারা ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখবে এবং উদ্ধারকাজে ঠিক কী ধরনের সরঞ্জাম ও পরিকাঠামোর প্রয়োজন, তা নির্ধারণ করবে । রেকি দলের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরই ভারতের মূল উদ্ধারকারী দল নেপালের উদ্দেশে রওনা হবে ।

রণধীর জয়সবাল বলেন, “নেপালের অনুরোধে আমরা সেখানে একটি উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছি । তার আগে নেপালে যাবে একটি পরিস্থিতি-পর্যবেক্ষণকারী দল । তারা গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখবে এবং কী কী সরঞ্জামের প্রয়োজন হবে, তা নির্ধারণ করবে ।”

এ ছাড়াও বিপর্যস্ত এলাকায় চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য একটি মেডিক্যাল টিম পাঠাচ্ছে ভারত । হড়পা বানে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বহু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে । সেই পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে নেপালে বেইলি ব্রিজ তৈরি করে দেওয়ার প্রস্তাবও দিয়েছে নয়াদিল্লি । এর মাধ্যমে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলিতে উদ্ধারকারী দল এবং ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছনোর পথ তৈরি হতে পারে ।

নেপালের ভয়াবহ বিপর্যয়ে ভারত ছাড়াও একাধিক দেশ উদ্ধার ও ত্রাণকাজে সাহায্যের প্রস্তাব দিয়েছে । চিন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রিটেন, আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশও নেপালের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!