- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৬, ২০২৬
মালদহ মেডিক্যাল কলেজে ৬০ শিশুর মৃত্যু, তদন্তে স্বাস্থ্য দফতর
মালদহ মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে, একই দিনে ১০ জন নবজাতকের মৃত্যু হয়েছে। আর তৃতীয় সপ্তাহে সব মিলিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০। ঘটনার পরই শিশুমৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর। মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্টও তলব করেছে স্বাস্থ্য ভবন।
স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহে মৃত ৬০ শিশুর মধ্যে ৪৪ জনের জন্ম হয়েছিল মালদহের অন্য হাসপাতাল ও নার্সিংহোমে। বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেওয়ার পর তাদের মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়। বাকি ১৬টি শিশুর জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজেই। প্রসবের পর তাদের মৃত্যু হয়।
মালদহ মেডিক্যাল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, ‘‘১০টি শিশুর মধ্যে মাত্র দু’জনের জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজে। বাকিদের আশঙ্কাজনক অবস্থায় বাইরে থেকে মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছিল।’’ তাঁর বক্তব্য, এই ঘটনায় স্বাস্থ্য ভবনের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত পাঠানো হবে।
শিশুমৃত্যুর এই পরিসংখ্যানকে অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। বিশেষ করে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে প্রসবের পর একাধিক শিশুকে কেন আশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল কলেজে রেফার করতে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই বিষয়টি খতিয়ে দেখতে মালদহ জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান শুরু হয়েছে।
ইতিমধ্যে জেলার ১৬টি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান চালানো হয়েছে। শিশুমৃত্যুর কারণ এবং চিকিৎসা ব্যবস্থার পরিস্থিতি নিয়ে মালদহ মেডিক্যাল কলেজ, জেলা স্বাস্থ্য দফতর, জেলা প্রশাসন এবং পুলিশের আধিকারিকদের মধ্যে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসকের দফতরে এই বিষয়ে একটি বৈঠকও হওয়ার কথা রয়েছে।
স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের কথায়, ‘‘একটি জেলায় একটি সপ্তাহে শিশুমৃত্যুর হার গোটা রাজ্যের শিশুমৃত্যুর পরিসংখ্যানকে প্রভাবিত করেছে। সারা দেশের প্রেক্ষিতেও এটি উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।’’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মালদহ মেডিক্যাল কলেজে মৃত শিশুদের চিকিৎসা, রেফারের কারণ এবং সংশ্লিষ্ট হাসপাতাল ও নার্সিংহোমগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
❤ Support Us







