- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ২৬, ২০২৬
ইসলামাবাদের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন সদ্যোজাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে । বুধবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পাকিস্তানে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরণের পরই বিধ্বংসী আগুনের সূত্রপাত হয় ।
ইসলামাবাদের বৃহত্তম হাসপাতাল ‘পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এর গাইনোকোলজি ওয়ার্ডের নবজাতক নার্সারিতে এই দুর্ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের সময় ওই নার্সারিতে মোট ১৬ জন সদ্যোজাত শিশু ছিল । আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মাত্র একজন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১৫ জনের মৃত্যু হয়েছে ।
আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী । পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এতগুলি শিশুর প্রাণহানি এড়ানো যায়নি । জেলা প্রশাসনের তরফে পাকিস্তানের সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, মৃত শিশুদের মধ্যে ১৪ জন সম্পূর্ণভাবে দগ্ধ হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।
অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের বিভিন্ন অংশে এখনও প্রচণ্ড তাপ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয়েছে ‘কুলিং অপারেশন’, অর্থাৎ হাসপাতালের ভিতরের অতিরিক্ত তাপ কমানোর কাজ। পাশাপাশি, কীভাবে আগুন লাগল এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে । ঘটনার তদন্তের জন্য অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ । তিনি ঘটনার অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন । প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে এ ধরনের পরিস্থিতি ‘অপূরণীয় ক্ষতি’।
উল্লেখ্য, কয়েক দিন আগেই স্বাস্থ্য পরীক্ষার জন্য পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে এই হাসপাতালেই নিয়ে আসা হয়েছিল । এবার সেই হাসপাতালের নবজাতক নার্সারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি নিষ্পাপ প্রাণের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে গভীর শোক ও উদ্বেগ ।
❤ Support Us







