Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৮, ২০২৬

পুজোর আগে রাজ্যের বন দপ্তরের ডিএল কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
পুজোর আগে রাজ্যের বন দপ্তরের ডিএল কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যের বন দপ্তরের দৈনিক মজুরিভিত্তিক বা ডিএল কর্মীদের বকেয়া বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের একাধিক ফরেস্ট ডিভিশনে অন্তত তিন মাস ধরে ডিএল কর্মীদের বেতন বকেয়া থাকার বিষয়টি প্রকাশ্যে আসার পর রবিবারই বকেয়া মেটানোর জন্য অর্থ ছাড়ের প্রক্রিয়া শুরু করে প্রশাসন।

বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিশেষ নির্দেশের পর রাজ্যের সমস্ত ফরেস্ট ডিভিশনে ডিএল কর্মীদের বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় বনমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের সমস্ত ডিএল কর্মীর বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার অরণ্য ভবনে গিয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার কথাও জানান তিনি।

বন দপ্তরের একটি সূত্রের দাবি, ডিএল কর্মীদের বকেয়া মজুরি মেটানোর জন্য ‘ওয়েজ হেড’ ফান্ডে অর্থ বরাদ্দ করা হয়েছে। দক্ষিণবঙ্গের এক শীর্ষ বনাধিকারিক জানান, ফান্ডে পর্যাপ্ত অর্থ না থাকায় ডেলি লেবারদের বেতন দেওয়া-সহ হাতি নিয়ন্ত্রণের মতো বন দপ্তরের একাধিক গুরুত্বপূর্ণ কাজ কার্যত থমকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। রবিবার বিকেলে ওই ফান্ডের ৫০ শতাংশেরও বেশি অর্থ দপ্তরের তরফে দেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, ডিএল কর্মীদের জুন, জুলাই এবং অগস্ট—এই তিন মাসের বকেয়া বেতন সোমবার মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

ডিএল কর্মচারী সংগঠনগুলির দাবি, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—রাজ্যের বন দপ্তরে কর্মরত মোট কর্মীর প্রায় ৭০ শতাংশই অস্থায়ী। তাঁদের দেওয়া হিসাব অনুযায়ী, গোটা রাজ্যে এই ধরনের অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় ৬,০০০। তাঁদের আরও অভিযোগ, বছরের পর বছর মাসে ৩০ দিন কাজ করেও অনেক ক্ষেত্রে ১৯ দিনের মজুরি দেওয়া হয়। তার উপর বন দপ্তরের কর্মীদের বন্যপ্রাণীর মুখোমুখি হয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়। বেশ কয়েকটি ফরেস্ট ডিভিশনে বেতন দীর্ঘদিন আটকে থাকায় আর্থিক সমস্যায় পড়েছিলেন বহু ডিএল কর্মী ও তাঁদের পরিবার। কারও সন্তানের টিউশন বন্ধ হয়ে গিয়েছে, আবার কেউ বৃদ্ধ বাবা-মায়ের ওষুধ কেনার খরচ জোগাড় করতে সমস্যায় পড়েছেন।

বকেয়া বেতন মেটানোর সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর স্বস্তি ফিরেছে কর্মীদের মধ্যে। ঝাড়গ্রাম বন বিভাগের এক ডিএল কর্মী জানান, প্রায় চার মাস বেতন না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। অসুস্থ মায়ের ওষুধ কেনার জন্য ধার করতে হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, স্ত্রীর অন্নপূর্ণা যোজনার টাকায় কোনওরকমে সংসারের খাবারের ব্যবস্থা হয়েছে। বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তে তিনি স্বস্তি প্রকাশ করেন এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁদের সমস্যার কথা তুলে ধরার জন্য সংবাদমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানান।

এদিকে বকেয়া বেতন, স্থায়িকরণ-সহ একাধিক দাবিতে রাজ্যের বিভিন্ন ফরেস্ট ডিভিশনের ডিএল কর্মীরা একজোট হয়ে ‘কলকাতা চলো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন। ঝাড়গ্রাম, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে আলিপুরদুয়ার ও কোচবিহার—বিভিন্ন এলাকার ডিএল কর্মীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল। ডিএল কর্মীদের বক্তব্য, প্রায় দু’দশক ধরে তাঁরা হাতি, চিতাবাঘ, গণ্ডার তাড়ানো থেকে শুরু করে পাগলা কুকুর ও হনুমান ধরার মতো ঝুঁকিপূর্ণ কাজ করে আসছেন। তা সত্ত্বেও তাঁদের স্থায়িকরণের বিষয়ে কোনও স্থায়ী সমাধান হয়নি বলে তাঁদের অভিযোগ। পাশাপাশি নিয়মিত বেতন না পাওয়ার সমস্যাও রয়েছে।

উত্তরবঙ্গের বনাঞ্চলেও ডিএল কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেখানে ৯টি ফরেস্ট ডিভিশনে কুনকি হাতি সামলানোর দায়িত্বে রয়েছেন ১১৩ জন মাহুত এবং সমসংখ্যক পাতাওয়ালা ডিএল কর্মী বলে জানা গিয়েছে। নিজেদের দাবিদাওয়া নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর কলকাতার অরণ্য ভবনে ডেপুটেশন দেওয়ার পরিকল্পনাও জানিয়েছিলেন রাজ্যের ডিএল কর্মীদের একটি বড়ো অংশ। তবে রবিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বকেয়া বেতন মেটানোর প্রক্রিয়া শুরু হওয়ায় ডিএল কর্মীরা এখন কী সিদ্ধান্ত নেন এবং তাঁদের প্রস্তাবিত কর্মসূচি কোন পথে এগোয়, সে দিকেই নজর রয়েছে বন দপ্তরের কর্তাদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!