- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২০, ২০২৬
পুরীতে ‘নৃত্যকুঞ্জ’-এর উদ্যোগে ‘জগন্নাথ নৃত্য মেলা’, একমঞ্চে দেশের ছয় প্রান্তের ৬৫ শিল্পী
জগন্নাথদেবের শহরে এক মঞ্চে মিলল দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যধারা। শাস্ত্রীয় নৃত্য থেকে লোকনৃত্য, রবীন্দ্রনৃত্য থেকে সৃজনশীল নৃত্য — বিভিন্ন ধারার পরিবেশনায় উদ্যাপিত ভারতের সমৃদ্ধ নৃত্যঐতিহ্য। গত ১৪ নভেম্বর পুরীর অন্নপূর্ণা থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে জাতীয় স্তরের ‘জগন্নাথ নৃত্য মেলা-২০২৬’। কলকাতার সাংস্কৃতিক সংস্থা ‘নৃত্যকুঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ছ–টি শহর ও অঞ্চল থেকে যোগ দিয়েছিলেন প্রায় ৬৫ জন শিল্পী। নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পাপড়ি রাজবংশী। দ্বিতীয় প্রতিভা দে, তৃতীয় স্থানে অহনা চক্রবর্তী।
শুধু প্রতিযোগিতার আসর নয়, ভারতীয় নৃত্যসংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরার মঞ্চ হিসাবেও আয়োজনটির বিশেষ তাৎপর্য রয়েছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, হায়দরাবাদ এবং পুণে থেকে আসা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে ধরা পড়ে বিভিন্ন অঞ্চলের নৃত্যশৈলীর বৈচিত্র্য। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের পাশাপাশি রবীন্দ্রনৃত্য, সৃজনশীল নৃত্য ও লোকনৃত্যের পরিবেশনা দর্শকদের সামনে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের নানা দিক তুলে ধরে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিলেন ওড়িশি ও মাহারি নৃত্যের বিশিষ্ট শিল্পী দেবরূপা দাশগুপ্ত ও দেবাঞ্জলি রায় চৌধুরী। তাঁদের নৃত্য পরিবেশনা বিশেষ ভাবে মুগ্ধ করে দর্শকদের। শাস্ত্রীয় নৃত্যের ঐতিহ্য, মুদ্রা ও ছন্দের মেলবন্ধনে দুই শিল্পীর পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। বিশেষ করে ওড়িশি ও মাহারি নৃত্যের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকারকে মঞ্চে তুলে ধরার এ প্রয়াস ছিল উৎসবের অন্যতম উল্লেখযোগ্য দিক।
নৃত্য প্রতিযোগিতাতেও ছিল যথেষ্ট উৎসাহ। বিভিন্ন বয়সের শিল্পীরা নিজেদের নৃত্যদক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেন। প্রতিযোগিতায় প্রথম পাপড়ি রাজবংশী, দ্বিতীয় স্থান অর্জন করেন প্রতিভা দে এবং তৃতীয় অহনা চক্রবর্তী। বিশিষ্ট শাস্ত্রীয় নৃত্যশিল্পী দেবাঞ্জলি রায় চৌধুরী প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন। নতুন প্রজন্মের শিল্পীদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেওয়ার পাশাপাশি তাঁদের শিল্পচর্চাকে স্বীকৃতি দেওয়াও ছিল এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথি হিসাবেও উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। প্রধান অতিথি ছিলেন চিকিৎসক উপেন্দ্র শর্মা। সম্মানিত অতিথি হিসাবে যোগ দেন নৃত্যজগতের পরিচিত ব্যক্তিত্ব গুরু কুমার ভীমসেন ও রূপশ্রী মহাপাত্র। এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যগুরু ও শিল্পীদের উপস্থিতিতে উৎসবের পরিসর আরও সমৃদ্ধ হয়ে ওঠে।
শিল্পীদের পরিবেশনার পাশাপাশি নৃত্য ও সংস্কৃতির জগতে অবদানের স্বীকৃতি জানাতেও বিশেষ উদ্যোগ ছিল আয়োজকদের। অনুষ্ঠানে তিনটি সম্মান প্রদান করা হয় — ‘উমা স্মৃতি গুরু সম্মান’, ‘সংঘমিত্রা প্রতিভা সম্মান’ এবং ‘সংঘমিত্রা স্মৃতি নর্তকী পুরস্কার’। প্রয়াত কবি সংঘমিত্রা বিশ্বাসের স্মৃতিতে এই সম্মান। নৃত্যগুরু ও শিল্পীদের দীর্ঘদিনের সাধনা ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়াই এ সম্মানের উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরু রিনা রানি সাহু, দেবাঞ্জলি রায় চৌধুরী, সঞ্জয় কুমার নাথ, অনিন্দিতা রায়, সোনালি সাবাত, সুমিতা সাহা, নেহা সরকার, কে ভি জ্যোতি, উৎপল দেবনাথ-সহ বিশিষ্ট নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
‘নৃত্যকুঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত জাতীয় নৃত্য উৎসবের এটি বৃহত্তর ধারাবাহিক আয়োজনের পর্ব। গত অক্টোবর মাসে মহারাষ্ট্রের শিরডিতে এরকমই উৎসবের আয়োজন করা হয়েছিল। পুরীর পর আগামী ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশের অযোধ্যায় পরবর্তী আয়োজনের পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দেশের বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যবাহী শহরকে কেন্দ্র করে নৃত্যশিল্পীদের জন্য বৃহত্তর মঞ্চ গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোচ্ছে আয়োজক সংস্থা। জগন্নাথদেবের শহরে উৎসবের সমাপ্তিও চমকপ্রদ। ৬৫ জন শিল্পী, বিশিষ্ট নৃত্যগুরু আর বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিল্প, সংস্কৃতি ও ভক্তির অভূতপূর্ব এক মেলবন্ধন তৈরি হয়। দেশের বিভিন্ন প্রান্তের নৃত্যশৈলীকে একই মঞ্চে নিয়ে আসার পাশাপাশি নতুন শিল্পীদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে ‘জগন্নাথ নৃত্য মেলা-২০২৬’ ভারতীয় নৃত্যঐতিহ্যের বহুমাত্রিকতাকেই তুলে ধরল।
❤ Support Us








