- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২১, ২০২৬
গঙ্গার বুকে চার হাজার কোটির ‘নীতীশ সেতু’ সূচনা, কৃতিত্ব নিয়ে বিহারে শুরু শাসক-বিরোধী তরজা
গঙ্গার উপর দিয়ে উত্তর ও দক্ষিণ বিহারকে জুড়তে তৈরি হয়েছে ১৯.৭ কিলোমিটার দীর্ঘ সেতু। প্রায় ৪২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই সেতুর নাম ‘নীতীশ সেতু’। শনিবার, বৈশালী জেলায় সেতুটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর সঙ্গে সঙ্গেই সেতুর নামকরণ, তার কৃতিত্ব কার — এসব প্রশ্ন ঘিরে বিহারের রাজনীতিতে শুরু হয়েছে প্রবল চাপানউতর। একদিকে, নীতীশ কুমারের নামে সেতুর নামকরণকে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্বীকৃতি হিসাবে তুলে ধরছে বিজেপি। অন্যদিকে, প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে রাজ্য সরকারের ভূমিকার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদিকে নিশানা করেছে বিরোধী আরজেডি।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান ও বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এ সেতুর উদ্বোধনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবেই দেখছে শাসক শিবির। বিহারের মন্ত্রী শীলা মণ্ডলও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর দাবি, প্রধানমন্ত্রী ঘনঘন বিহারে আসছেন, যা রাজ্যের মানুষের কাছে গর্বের বিষয়। তার উপর এ সেতুর উদ্বোধন অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সেতুর নামকরণ নিয়ে বিজেপি বিধায়ক লক্ষ্মেন্দ্র কুমার রওশনের বক্তব্য, নীতীশ কুমার বিহারের উন্নয়নের ক্ষেত্রে সেতুর মতোই সংযোগ স্থাপনের কাজ করেছেন। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাই তাঁর নামে এই পরিকাঠামো প্রকল্পের নামকরণ যথার্থ সম্মান। ‘এনডিএ’ সরকারের এই সিদ্ধান্ত নীতীশের অবদানের স্বীকৃতি বলেই মনে করছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানের কাছেও সেতুর উদ্বোধন নিছক সরকারি অনুষ্ঠান নয়, আবেগের মুহূর্ত। তাঁর প্রয়াত বাবা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল এ প্রকল্প বাস্তবায়িত হওয়া। চিরাগ জানান, সেতুর কাজ সম্পূর্ণ হওয়া, তার উদ্বোধন তাঁর কাছে অত্যন্ত আবেগঘন ঘটনা। বাবা বেঁচে থাকলে এ দিনটি দেখে নিশ্চয়ই খুশি হতেন বলেও জানিয়েছেন তিনি। পাটনা জেলার কাঁচি দরগা থেকে বৈশালী জেলার বিদুপুর পর্যন্ত বিস্তৃত সেতুটি জাতীয় সড়ক ২২ ও জাতীয় সড়ক ৩২২-কে সংযুক্ত করেছে। ১৯.৭ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের মধ্যে গঙ্গার উপর রয়েছে ৯.৭ কিলোমিটার দীর্ঘ মূল সেতু। বাকি ১০ কিলোমিটার জুড়ে রয়েছে সংযোগকারী রাস্তা। বিহার প্রশাসনের আশা, এ সেতুর ফলে উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াত অনেক সহজ হবে। দীর্ঘ পথ ঘুরে গঙ্গা পারাপারের প্রয়োজন কমবে। পণ্য পরিবহণের সময় ও খরচ কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
তবে সেতুর উদ্বোধন ঘিরে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে আগেই। শুক্রবারই প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, ৪২৮০ কোটি টাকার এ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কোনো আর্থিক অবদান নেই। অথচ নাম কামাতে প্রধানমন্ত্রী এসে সেতু উদ্বোধন করছেন। সমাজমাধ্যমে একটি পোস্টে তেজস্বী দাবি করেন, বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক বছর পাঁচ মাস আগেই সেতুটির উদ্বোধন করেছিলেন। গত ১৭ মাস ধরে সেতুটি যান চলাচলের জন্য খোলা রয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ গাড়ি তার উপর দিয়ে যাতায়াত করেছে। তেজস্বীর কটাক্ষ, ‘প্রকল্পে কেন্দ্রের কোনো অবদান না থাকা সত্ত্বেও শুধুমাত্র ভিত্তিফলকে নিজের নাম খোদাই করানোর জন্য কি আবার সেতুটির উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী?’ তাঁর আরও দাবি, সেতুটির নামকরণ নিয়ে বিহার সরকারের তরফে অন্য প্রস্তাবও ছিল। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাই কিংবা গুরু গোবিন্দ সিংহের নামে সেতুটির নামকরণের কথা ভাবা হয়েছিল। উল্লেখ্য, গুরু গোবিন্দ সিংহের জন্মস্থানও এই এলাকার কাছেই। তেজস্বীর দাবি, তৎকালীন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও স্বাধীনতা সংগ্রামী অক্ষয়বট রাইয়ের নামে সেতুটির নামকরণে সম্মতি জানিয়েছিলেন।
প্রকল্পের কৃতিত্ব প্রধানমন্ত্রীকে দিতে নারাজ তেজস্বী। তাঁর বক্তব্য, সেতুটির পরিকল্পনা কিংবা নির্মাণ — কোনো ক্ষেত্রেই কেন্দ্রের ভূমিকা নেই। সে কারণেই উদ্বোধনের মাধ্যমে প্রকল্পের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করা উচিত নয় প্রধানমন্ত্রীর। ঘটনাচক্রে, বৈশালী জেলার রাঘোপুর কেন্দ্রেরই বিধায়ক তেজস্বী। নতুন সেতুটি তাঁর বিধানসভা এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এ বিতর্কের পিছনে রয়েছে বিহারের সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণও। নীতীশ কুমারের সঙ্গে এক সময় ক্ষমতা ভাগ করে নিয়েছিল আরজেডি। ফলে এ প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে নিজেদের ভূমিকার স্বীকৃতি চাইছে লালুপ্রসাদ যাদবের দলও। অন্যদিকে, নীতীশের নামে সেতুর নামকরণকে সামনে রেখে ‘এনডিএ’ শিবির প্রাক্তন মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভূমিকার কথাই তুলে ধরতে চাইছে। ফলে ৪২৮০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ঘিরে রাজনৈতিক কৃতিত্বের লড়াইও ক্রমশ স্পষ্ট হচ্ছে।
মে মাসের পর এই প্রথম বিহারে গেলেন প্রধানমন্ত্রী মোদি। এর আগে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠানে যোগ দিতে বিহারে এসেছিলেন তিনি। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী সম্রাটের সরকারের আমলে এই সেতুর উদ্বোধন রাজ্যের পরিকাঠামো উন্নয়নের বার্তা দেওয়ার পাশাপাশি রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। গঙ্গার উপর নতুন সংযোগ তৈরি হলেও সেতুর নাম আর তার কৃতিত্ব নিয়ে শাসক-বিরোধীর সংঘাত যে এখনই থামছে না, তা স্পষ্ট।
❤ Support Us







