Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • নভেম্বর ২৫, ২০২৬

ইতিহাস সৃষ্টি চিনের, তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে সফল উৎক্ষেপন মনুষ্যবাহী মহাকাশযান শেনঝৌ-২৪

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাস সৃষ্টি চিনের, তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে সফল উৎক্ষেপন মনুষ্যবাহী মহাকাশযান শেনঝৌ-২৪

মনুষ্যবাহী মহাকাশযান শেনঝৌ–২৪ সফলভাবে উৎক্ষেপণ করল চিন। এই মহাকাশযানে রয়েছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলীসহ তিনজন নভোচারী রয়েছেন। জিশান আলী চিনের মনুষ্যবাহী মহাকাশ কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রথম বিদেশী নাগরিক। উত্তর–পশ্চিম চিনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে একটা লং মার্চ–২এফ বাহক রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি চিনের নিজস্ব তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছবে। একসপ্তাহ তিয়াংগং মহাকাশ স্টেশনে কাটাবেন নভোচারীরা।

বুধবার জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে শেনঝৌ–২৪ উৎক্ষেপনের পরই কর্তারা উৎক্ষেপণটিকে সফল বলে ঘোষণা করেন। এই মিশনের ক্রুদের মধ্যে রয়েছেন কমান্ডার ট্যাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই এবং জিশান আলী। জিশান আলী চিনের তিয়াংগং মহাকাশ স্টেশন পরিদর্শনকারী প্রথম বিদেশী মহাকাশচারী। কক্ষপথে প্রায় এক সপ্তাহ কাটানোর পর তিনি শেনঝৌ–২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। চিনা মহাকাশচারীরা সাধারণত প্রায় ৬ মাস এই স্টেশনে থাকেন। আশা করা হচ্ছে, মহাকাশযানটি তিন ঘণ্টার মধ্যে তিয়াংগং মহাকাশ স্টেশনে ডক করবে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বাদ পড়ার কারণে চিন তার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করেছে। পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সামরিক যোগ নিয়ে উদ্বেগের কারণে চিনকে বাদ দেওয়া হয়েছিল। বর্তমানে চিনই একমাত্র দেশ যারা নিজস্ব মহাকাশ স্টেশন পরিচালনা করছে। এই মহাকাশ স্টেশনটি ২০২২ সালে চালু হয়। ফুটবল মাঠের আকারের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের তুলনায় তিয়াংগং তুলনামূলকভাবে ছোট। ১৯৯৮ সালে উৎক্ষেপণের পর থেকে বিভিন্ন দেশের মহাকাশচারীরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৩ হাজারেরও বেশি পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছেন। নাসা ২০৩১ সালের শুরুতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে অবসরে পাঠানোর পরিকল্পনা করছে। স্পেসএক্স দ্বারা তৈরি একটা বিশেষ ডিঅরবিট যান এটাকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে নিয়ন্ত্রিত পুনঃপ্রবেশে পরিচালিত করবে।

চিনের মহাকাশবিজ্ঞানীরা শেনঝৌ–২৪ মিশনের প্রধান উদ্দেশ্যগুলি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে শেনঝৌ–২৩ ক্রুদের সঙ্গে কক্ষপথে ক্রু আবর্তন সম্পন্ন করা। নিয়মিত স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক গবেষণা এবং রক্ষণাবেক্ষণও এর লক্ষ্য। জনসচেতনতা বৃদ্ধি এবং পেলোড পরীক্ষাও করা হবে। এই মিশন চলাকালীন ৯০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা এবং প্রযুক্তি পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মহাকাশ জীবন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান এবং মাইক্রোগ্র্যাভিটি ফ্লুইড ফিজিক্স। এছাড়াও দহন বিজ্ঞান, মৌলিক পদার্থবিদ্যা, মহাকাশ চিকিৎসা এবং নতুন মহাকাশ প্রযুক্তির ওপর পরীক্ষা করা হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!