- দে । শ
- অক্টোবর ২১, ২০২৫
নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন অভিষেক
কালীপুজোর পরের দিন, মঙ্গলবার দুপুরে নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি পৌঁছন বড়মার দরবারে। প্রথমে মন্দিরে গিয়ে কিছুটা সময় কাটান এবং মায়ের বিশেষ পুজোতেও অংশ নেন।
পরে মন্দিরের পাশের মণ্ডপে থাকা বড়মার মূর্তির সামনে নিচে বসে পুজো দিতে দেখা যায় তাঁকে। শুধু তাই নয়, নিজের হাতে প্রদীপ দেখিয়ে সম্পন্ন করেন মায়ের আরতি।
কালীপুজোর পরের দিন হওয়ায়, স্বাভাবিকভাবেই এদিন নৈহাটির বড়মার মন্দিরে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। সেই ভিড়ের মধ্যেই প্রথমে মন্দিরে এবং পরে মণ্ডপে গিয়ে পুজো দেন অভিষেক। এর মাঝেই তিনি স্থানীয়দের সঙ্গে আলাপচারিতায় সময় কাটান। ভিড়ের দুই পাশে দাঁড়ানো মানুষদের উদ্দেশে কখনও হাত নাড়তে, কখনও আবার রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট শিশুদের স্নেহের হাত দিতে দেখা যায় তাঁকে। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকসহ দলের একাধিক শীর্ষ নেতা।
সোমবার অর্থাৎ কালীপুজোর দিন বিকেলে লেক কালীবাড়িতেও পুজো দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যবাসীর সুস্থতা ও সৌভাগ্য কামনা করেন এবং পুজো দেন। এরপর লেক কালীবাড়ি থেকে সোজা চলে যান কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যেখানে ঐতিহ্য মেনে হয় কালীপুজো। সেখানে অংশ নিয়ে শ্যামার আরাধনায় মগ্ন হন তিনি।
প্রসঙ্গত, দুর্গাপুজোর সময়েও অভিষেককে রাজ্যের বিভিন্ন মণ্ডপে ঘুরতে দেখা গিয়েছিল — কখনও পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খেতে, আবার কখনও তাঁদের হাতে উপহার তুলে দিতে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে কালীপুজোয় লেক কালীবাড়ি ও নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে বড়মার মন্দির নতুন করে স্থাপনের পর উদ্বোধনের সময়ও সেখানে গিয়েছিলেন অভিষেক। প্রায় এক বছর পর ফের মঙ্গলবার বড়মার দরবারে পা রাখলেন তিনি।
❤ Support Us





