- ভা | ই | রা | ল
- আগস্ট ২৯, ২০২২
ভারতের জয়ের আনন্দে হার্দিককে চুমু এক আফগান ভক্তর!
আফগানিস্তানেও হার্দিক পান্ডিয়ার ভক্ত! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিকের এক আফগানভক্তের ভিডিও।
আফগানিস্তানেও হার্দিক পান্ডিয়ার ভক্ত! অবাক হওয়ার কিছু নেই। এটাই বাস্তব। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিকের এক আফগানভক্তের ভিডিও।
এশিয়া কাপে পাকিস্তানকে ভারত হারানোর পর আফগানিস্তানেও উচ্ছ্বাস দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে এক আফগানভক্ত ভারতের জয়ে দারুণ খুশি। অনেকেই একসঙ্গে বসে খেলা দেখছিলেন। হার্দিক পান্ডিয়া মহম্মদ নওয়াজের বলে ৬ মেরে ভারতকে জেতানোর পর একজন টিভির সামনে চলে আসেন। টিভির পর্দায় হার্দিককে দেখা মাত্রই চুমু খেয়ে বসেন। তারপর আনন্দ করতে করতে ঘরের ভেতর চলে যান। তাঁর কীর্তি দেখে বাকিরা তো হেসে কুটোপুটি।
জেতার জন্য শেষ ৩ বলে ভারতের দরকার ছিল ৬ রান। চতুর্থ বলে স্ট্রাইক নেওয়ার জন্য হার্দিক যখন প্রস্তুত, অসম্ভব শান্ত, ধীর–স্থির। মহম্মদ নওয়াজের চতুর্থ বল গ্যালারিতে পাঠানোর পরও অদ্ভুত রকমের শান্ত। কোনও বাড়তি উচ্ছ্বাস নেই। বছর খানেক আগের হার্দিকের সঙ্গে এই হার্দিককে কিছুতেই যেন মেলানো যাচ্ছিল না। একেবারে যেন ধোনির প্রতিচ্ছবি। চারবছর আগে এই পাকিস্তান ম্যাচেই যন্ত্রণায় ছটফট করতে করতে স্ট্রেচারে শুয়ে মাঠ ছাড়তে হয়েছিল। রবিবার যন্ত্রণা নয়, মুখে বিজয়ীর হাসি।
রবীন্দ্র জাদেজা ডাগ আউটে ফিরে যাওয়ার পর ক্রিজের ওপর প্রান্তে দীনেশ কার্তিক। নওয়াজের তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বল মোকাবিলা করার আগে কার্তিকের দিকে ইঙ্গিত করে হার্দিক বলেছিলেন, চিন্তার কিছু নেই। কাজটা শেষ করেই ফিরবেন। বরফ শীতল ঠান্ডা মাথায় দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন।
দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করার সময় ভাবতেন, বোলার তাঁর চেয়ে বেশি চাপে রয়েছেন। সেই ধোনির পথই অনুসরণ করেন হার্দিক। ধোনির লাইনে হার্দিক বলেন, ‘আমি মনে করি এইসব মুহূর্তে বোলার আমার চেয়ে অনেক বেশি চাপের মধ্যে রয়েছে। শেষ ওভারে আমার শুধু একটা ছক্কা দরকার ছিল। আমি বিষয়টাকে সহজ রাখার চেষ্টা করেছিলাম।’ হার্দিক আরও বলেন, ‘আমি জানতাম যে শেষ ওভারে নওয়াজ বল করবে। আমাদের তখন ৭ রান প্রয়োজন। যদি ১৫ রান প্রয়োজন হত, তাও আমি মনে করতাম সুযোগ আছে।’
❤ Support Us








