- দে । শ
- আগস্ট ২৫, ২০২৬
৭ বছর পর ভারত সফরে চিনের রাষ্ট্রপতি শি জিনপিং
৭ বছর পর ভারত সফরে আসছেন চিনের রাষ্ট্রপতি শি জিনপিং। সেপ্টেম্বরে তিনি ভারতে অনুষ্ঠিত ‘ব্রিকস সম্মেলন’-এ যোগ দেবেন। ৪০০ জনের প্রতিনিধি দল নিয়ে তিনি ভারতে আসবেন বলে জানা যাচ্ছে। ফলে, ভারত সফরের ক্ষেত্রে এটাই হবে চিনের সবথেকে বৃহৎ প্রতিনিধি দলের আগমন। শি জিনপিংয়ের সফরটি খুবই তাৎপর্যপূর্ণ। এ সফর ভারত–চিন সম্পর্কের উন্নতির ইঙ্গিত বহন করছে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ‘ব্রিকস শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের উদ্দেশ্যেই শি জিনপিং ভারতে আসতে চলেছেন। তাঁর সফরকে এতটাই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যে, শীর্ষ সম্মেলনের চেয়ে তাঁর ভারতে আসার বিষয়টি নিয়েই অধিক আলোচনা হচ্ছে। সম্প্রতি, এ নিয়ে দু-দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, অজিত ডোভাল বর্তমানে চিন সফরে রয়েছেন। বেজিংয়ে একাধিক বৈঠকে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন।
সূত্রের খবর, এবার শি জিনপিংয়ের সঙ্গে প্রায় ৪০০ কর্মকর্তার একটা বড়ো প্রতিনিধিদল ভারত সফরে আসতে পারে। এর আগে ২০১৯ সালের জিনপিংয়ের ভারত সফরে তাঁর সঙ্গে ২০০ জনেরও কম কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় সামরিক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। এই সফরটিকে উত্তেজনা হ্রাসের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশাল প্রতিনিধি দলের কথা ভেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিল্লিতে হোটেলের ব্যবস্থা ও নিরাপত্তা চূড়ান্ত করতে ব্যস্ত রয়েছেন।
‘ব্রিকস শীর্ষ সম্মেলন’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শি জিনপিংয়ের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে, যেখানে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) শান্তি, সীমান্ত বিরোধের সমাধান এবং বাণিজ্য ঘাটতি কমানোর মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে চিনা প্রেসিডেন্টের আসন্ন সফর ঘিরে দিল্লি ও বেজিং উভয় পক্ষের তরফেই পুরোদমে প্রস্তুতি চলছে। তবে, দু-দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, ‘ব্রিকস শীর্ষ সম্মেলন’-এ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে। পুতিনকে স্বাগত জানানোর প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
❤ Support Us






