- দে । শ
- আগস্ট ১১, ২০২৩
যোগীরাজ্যে রাজপথে প্রকাশ্যে আবারও চলল গুলি । উত্তরপ্রদেশে একসপ্তাহে নিহত দুই
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে শুধু বাংলায় খুন-জখমের ঘটনা ঘটে না, যোগীর রাজ্য, যেখানে ডাবল ইঞ্জিন সরকার চলে সেখানেও ব্লক স্তরের নির্বাচনে বিজেপি নেতাকে গুলি করে রাস্তায় খুন করার ঘটনা ঘটে। যোগীর রাজ্য উত্তরপ্রদেশে এবার তেমনই ঘটনা ঘটল। প্রকাশ্য দিবালোকে এক বিজেপি নেতা রাজপথে খুন হয়ে গেলেন। মোরাদাবাদে খুন হওয়া এই বিজেপি নেতার নাম অনুজ চৌধুরী। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন এই বিজেপি নেতা। দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁকে গুলি করে। সেই ঘটনা ক্যামেরাবন্দি হয়। জানা গিয়েছে, নিজের ফ্ল্যাটের বাইরে সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন অনুজ। সেই সময়ই বাইকে করে এসে দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালায়। গুলিবিদ্ধ হয়ে সেখানেই লুটিয়ে পড়েন সেই বিজেপি নেতা।
এই ঘটনায় মোরাদাবাদের ওই জায়গায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গুলিবিদ্ধ বিজেপি নেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অনুজ চৌধুরীর। মোরাদাবাদের সিনিয়র পুলিশ সুপারিনটেনডেন্ট হেমরাজ মীনা এই ঘটনা প্রসঙ্গে বলেন, “মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অমিত চৌধুরী এবং অনিকেত নামে দুই ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।” এই খুনের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করা হচ্ছে।
এদিকে এই খুনের ভাইরাল ভিডিয়োতে দেখা গেছে, অনুজ একজনের সঙ্গে হাঁটছিলেন রাস্তায়। সেই সময় পিছন থেকে বাইকে করে এসে দু’জন তাঁর ওপর গুলি চালায়। তখন অনুজের সঙ্গে থাকা ব্যক্তি তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে এক বন্দুবাজ বাইক থেকে নেমে ফের বন্দুক তাক করে অনুজের দিকে। তখন অনুজের সঙ্গে থাকা ব্যক্তি ভয়ে রাস্তায় পাশে পালিয়ে যান।
জানা গিয়েছে, অনুজ চৌধুরী স্থানীয় ব্লক প্রধান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নির্বাচনে তিনি জিততে পারেননি। অনুজের পরিবারের অভিযোগ, এই হত্যার জন্য তাঁর রাজনৈতিক প্রতিপক্ষই দায়ী। এদিকে ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। অমিত চৌধুরী, অনিকেত ছাড়াও আরও দুই সন্দেহভাজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এদিকে পুলিশ এক বিবৃতি প্রকাশ করে এই নিয়ে বলেছে, “দুই দলের মধ্যে ব্যক্তিগত শত্রুতা ছিল। চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পাঁচটি টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এর আগে, গত রবিবার উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে একজন আইনজীবী নিহত হয়েছিলেন। পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় সুলতানপুর জেলার কোতোয়ালি দেহাত থানার অন্তর্গত নেকরাহি গ্রামে। অ্যাডভোকেট আজাদ সন্ধ্যা ৭টায় তাঁর ভাই মুনাওয়ারের সাথে একটি চায়ের স্টলে বসে ছিলেন। তখন অজ্ঞাতপরিচয় একদল দুষ্কৃকী একটি এসইউভি গাড়িতে করে আসে এবং তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। ঘটনায় আজাদের মৃত্যু হয়। সেই ঘটনারও তদন্ত চলছে।
❤ Support Us





