- এই মুহূর্তে বি। দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৫
চিকিৎসার জন্য ৮ ঘন্টা অপেক্ষা, কানাডার হাসপাতালে মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতর
বুকের তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। বারবার হাসপাতাল কর্মীদের নিজের অবস্থার কথাও জানিয়েছিল। একবার ইসিজি করে শুধুমাত্র দেওয়া হয়েছিল টাইলেনল। ৮ ঘন্টা কোনও চিকিৎসা পরিষেবা পাননি। অবশেষে বিনা চিকিৎসায় মারা যান ৪৪ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার এডমন্টনে।
অফিসে কাজ করার সময় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন প্রশান্ত শ্রীকুমার। এক সহকর্মী সঙ্গে সঙ্গে তাঁকে দক্ষিণ-পূর্ব এডমন্টনের গ্রে নানস হাসপাতালে নিয়ে যান। ৪৪ বছর বয়সী প্রশান্ত শ্রীকুমারকে প্রথমে ট্রাইজে চেক-ইন করা হয়। তারপর তাকে ওয়েটিং রুমে বসতে বলা হয়। কিছুক্ষণ পর প্রশান্তর বাবা কুমার শ্রীকুমার হাসপাতালে চলে আসেন।
বাবা হাসপাতালে পৌঁছনোর পর প্রশান্ত তাঁকে বলেন, বুকের যন্ত্রণা তিনি সহ্য করতে পারছেন না। কুমারও বারবার হাসপাতাল কর্মীদের কাছে দ্রুত চিকিৎসা শুরু করার জন্য অনুরোধ করেন। হাসপাতাল কর্মীরা প্রশান্তর ইসিজি করে জানান যে, তেমন কোনও তাৎপর্যপূর্ণ লক্ষণ নেই। এরপর ওয়েটিং রুমে অপেক্ষা করতে বলে কিছু টাইলেনল দেন। দীর্ঘ অপেক্ষার সময় নার্সরা প্রশান্তর রক্তচাপ পরীক্ষা করেন। দেখা যায়, রক্তচাপ অনেকটাই বেশি।
৮ ঘন্টা পর অবশেষে যখন প্রশান্তকে চিকিৎসার জন্য জরুরি কক্ষে ডাকা হয়, তখন তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং মাত্র ১০ সেকেন্ড পরে মারা যান। কুমার বলেন “প্রায় ১০ সেকেন্ড বসে থাকার পর প্রশান্ত আমার দিকে তাকাল। এরপর বুকে হাত রাখল। তারপর একেবারে নিস্তেজ হয়ে পড়ল। হাসপাতালের নার্সরা সাহায্যের জন্য চিকিৎসকদের ডাকতে থাকেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।” ৪৪ বছর বয়সী প্রশান্ত স্ত্রী এবং ৩, ১০ এবং ১৪ বছর বয়সী তিন সন্তান রেখে গেছেন।
এদিকে, গ্রে নানস হাসপাতাল গ্লোবাল নিউজকে জানিয়েছে যে, তারা রোগীর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানালেও, গোপনীয়তার কারণে রোগীর চিকিৎসার বিষয় নিয়ে তারা কোনও মন্তব্য করবে না। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কাছে রোগী এবং কর্মীদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ।” সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে প্রশান্তের স্ত্রী ঘটনার বর্ণনা দিচ্ছেন। তাঁকে বলতে শোনা গেছে, প্রশান্তর রক্তচাপ ২১০-এ পৌঁছলেও, তাঁকে কেবল টাইলেনল দেওয়া হয়েছিল।
❤ Support Us






