- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২১, ২০২৫
ব্রাত্য কলকাতা, আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হবে আইপিএল ফাইনাল
কলকাতা ক্রিকেটপ্রেমীদের বিক্ষোভ, সিএবি–র আবেদন, কোনও কিছুই ধোপে টিকল না। ইডেনে অনুষ্ঠিত হচ্ছে না আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল। মঙ্গলবার সরকারিভাবে দ্বিতীয় কোয়ালিয়াফার ও ফাইনালের ভেন্যু জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই নিয়ে তৃতীয়বার আইপিএল ফাইনাল হতে চলেছে আমেদাবাদে।
আইপিএল সূচি তৈরির সময় তিনটি প্লেঅফ ও ফাইনাল হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর হওয়ার কথা ছিল হায়দরাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হওয়ার কথা ছিল কলকাতায়। একসপ্তাহ স্থগিতের পর আবার আইপিএল শুরু হওয়ার সময় বাকি লিগ পর্বের ম্যাচের ভেন্যু ঘোষণা করা হলেও প্লেঅফ ও ফাইনালের ভেন্যু জানানো হয়নি। আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চারটি ম্যাচের ভেন্যুই ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবের মুল্লানপুর ও আমেদাবাদে প্লেঅফ ও ফাইনাল হবে।
নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে প্রথম দুটি প্লেঅফ ম্যাচ হবে। ২৯ মে, প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর। ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ার ও ৩ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে আমেদাবাদে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠকে আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নাটক, রোমাঞ্চ এবং বিনোদনে ভরা ৭০টি লিগ পর্বের ম্যাচের নিউ চণ্ডীগড়ের নতুন পিসিএ স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১ ও এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোয়ালিফায়ার ২ এবং গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।’
কেন প্লেঅফের ভেন্যু বদল করা হয়েছে, তাও জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতি বিবেচনা করে আইপিএল গভর্নিং কাউন্সিল প্লেঅফের জন্য নতুন ভেন্যু নির্ধারণ করেছে। বেঙ্গালুরুর প্রতিকূল আবহাওয়ার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে স্থানান্তরিত করা হয়েছে।’
❤ Support Us







