- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৫, ২০২৬
ইডেনে অ্যালেন ঝড়, টি২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড
বিশ্বকাপের অন্যতম ফেবারিট ছিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ লিগ থেকে সুপার এইট, সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে এসেছিল প্রোটিয়ারা। সেমিফাইনালে এসে ছন্দপতন। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। টি২০ বিশ্বকাপে এই প্রথম প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পেল কিউইরা। ঝড় তুলে দুর্দান্ত সেঞ্চুরি করে দলকে ফাইনালে পৌঁছে দিলেন ফিন অ্যালেন। ভেঙে দিলেন ক্রিস গেলের বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। দ্বিতীয় ওভারেই কোল ম্যাকোনচির জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে প্রোটিয়ারা। চতুর্থ ও পঞ্চম বলে পরপর তুলে নেন কুইন্টন ডিকক (১০) ও রায়ান রিকেলটনকে (০)। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার সুযোগ পাননি মার্করামরা।
ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এইডেন মার্করাম ও ডিওয়াল্ড ব্রেভিস। ৫৫ রানের মাথায় আবার ধাক্কা। মার্করামকে (২০ বলে ১৮) তুলে নেন রাচিন রবীন্দ্র। দশম ও একাদশ ওভারে পরপর ২ উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফিরে যান ডেভিড মিলার (৬) ও ডিওয়াল্ড ব্রেভিস (২৭ বলে ৩৪)। এরপর ট্রিস্টান স্টাবস ও মার্কো জানসেন জুটি দলকে এগিয়ে নিয়ে যান। দুজনের জুটিতে ওঠে ৭৩ রান। ২৪ বলে ২৯ রান করে আউট হন স্টাবস। জানসেনের ঝড়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন জানসেন। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন ম্যাট হেনরি, কোলে ম্যাকোনচি ও রাচিন রবীন্দ্র।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। ২৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন টিম সেইফার্ট। দশম ওভারের প্রথম বলে সেইফার্ট যখন আউট হন, নিউজিল্যান্ড ততক্ষণে পৌঁছে গেছে ১১৭ রানে। ৩৩ বলে ৫৮ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হন সেইফার্ট। অন্যদিকে, ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফিন অ্যালেন। ১৩তম ওভারে মার্কো জানসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করার পাশাপাশি দলকে ফাইনালে তুলে দেন অ্যালেন। তাঁর সেঞ্চুরি আসে ৩৩ বলে। যা টি২০ বিশ্বকাপে দ্রুততম। অ্যালেন ভেঙে দিলেন ক্রিস গেলের রেকর্ড। ৩৩ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন অ্যালেন। ১২.৫ ওভারে ১৭৩/১ তুলে ফাইনালে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
❤ Support Us








