Advertisement
  • টে | ক | স | ই
  • মে ২০, ২০২২

গুঁড়িয়ে দেওয়ার হুমকির পর থেকে পাঁচদিনের জন্য বন্ধ আওরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র ।

আরম্ভ ওয়েব ডেস্ক
গুঁড়িয়ে দেওয়ার হুমকির পর থেকে পাঁচদিনের জন্য বন্ধ আওরঙ্গাবাদে ঔরঙ্গজেবের সমাধিক্ষেত্র ।

বৃহস্পতিবার ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’র (এএসআই) তরফে জানানো হয়েছে যে আওরঙ্গাবাদে খুলদাবাদের ওই স্মৃতিসৌধের নিরাপত্তা আরও বাড়ানোর বন্দোবস্ত করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত পাঁচদিনের জন্য সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সমাধিস্থলটির সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন উদ্ধব ঠাকরের সরকারও। তাই সেখানে নিরাপত্তা জোরদার করতে মঙ্গলবার থেকেই ৬ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে।

চলতি মাসের শুরুতে ওই সমাধিস্থল দর্শনে আসেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি। তারপর থেকেই বিতর্ক ঘনিয়ে উঠেছে। ওয়েইসি ওই সমাধিস্থল দর্শন করার সময়ই শরদ পাওয়ার প্রশ্ন তুলেছিলেন, হঠাৎ কেন এখানে এলেন ওয়েইসি । এর ফলে কোনও বিতর্ক তৈরি হবে কি না, সেই আশঙ্কাও প্রকাশ করেন বর্ষীয়ান নেতা। তাঁর আশঙ্কা সত্যি করে এরপরই শিব সেনা ও রাজ ঠাকরের দলের তরফে সমালোচনা করা হয় ওয়েইসির মহারাষ্ট্র সফরের। এরপরই এমএনএস নেতা গজানন কালে টুইটারে ক্ষোভ উগরে দেন। প্রশ্ন তোলেন, শিবাজির ভূমিতে এক মোঘল শাসকের সমাধি কেন থাকবে। সেই সঙ্গে তিনি দাবি করেন, যদি ওই সমাধিস্থল ধ্বংস করে দেওয়া হয়, তালে ঔরঙ্গজেবের উত্তরাধিকারীরা এখানে এসে মাথা ঠুকতে পারবেন না।

এহেন পরিস্থিতিতে সৌধটির নিরাপত্তা বাড়লেও মসজিদ কর্তৃপক্ষ নিশ্চিন্ত হতে পারেননি। তাঁরা সমাধিক্ষেত্র আপাতত কয়েক দিন বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই আরজি মেনেই পাঁচ দিনের জন্য ওই সমাধিক্ষেত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এএসআই আওঙ্গাবাদের সার্কল পুলিস অফিসার মিলনকুমার চৌবে জানিয়েছেন, মসজিদ কর্তৃপক্ষ এবং পুলিশের সুপারিশের জেরে সমাধিক্ষেত্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


❤ Support Us
error: Content is protected !!