- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৫, ২০২৪
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার ভাইস চেয়ারম্যানের ভাগ্নে
খুনের হুমকি দিয়ে ব্যবসাদারদেরর কাছে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার অমিত মণ্ডল ওরফে বাপ্পা নামে এক যুবক। কাটোয়া শহরের বাসিন্দা অমিত সম্পর্কে কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান লখিন্দর মণ্ডলের ভাগ্নে। অভিযোগ, সাদ্দাম শেখ নামে বর্ধমান সংশোধনাগারে বিচারাধীন এক বন্দির নির্দেশে ধৃত অমিত মণ্ডল শহরের ব্যবসাদারদের কাছ থেকে তোলাবাজির কারবার চালাত। সূত্রের খবর, কুখ্যাত দুষ্কৃতী সাদ্দামের সঙ্গে অমিতের মোবাইলে কথোপকথনের রেকর্ডের তথ্য পেয়েছে পুলিশ। শহরের এক ব্যবসাদারের অভিযোগের তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ অমিত মণ্ডলকে কাটোয়ার সার্কাস ময়দান এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করলে বিচারক ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতের মামা কাটোয়া পুরসভার ভাইস চেয়ারম্যান লক্ষীন্দর মণ্ডল গ্রেপ্তারি সম্পর্কে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। পুরসভার কাজ আর ব্যবসা নিয়ে থাকি।’ এই প্রসঙ্গে মুখ খুলেছেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তিনি বলেন, ‘আমরা খুব আতঙ্কে আছি। শুনেছি জেলে বসেই আমাকে আর বর্ধমান জেলা তৃণমূলের সম্পাদক দিগন্ত পালকে খুন করার পরিকল্পনা করছে ২ কুখ্যাত দুষ্কৃতী সাদ্দাম শেখ ও তার বাবা জঙ্গল শেখ। কাটোয়ার কিছু লোক এদের টাকা দিয়ে মদত দিচ্ছে।’ অমিতের সঙ্গে কারাবন্দি সাদ্দামের ঘনিষ্ঠ যোগের তথ্যও নাকি হাতে পেয়েছে পুলিশ।
❤ Support Us






