- খাস-কলম প্রচ্ছদ রচনা স্মৃ | তি | প | ট
- ফেব্রুয়ারি ৯, ২০২৬
মহাপ্রকৃতির সঙ্গী, অনিঃশেষ শাহিন
এ লেখা যে আমাদের কোনোদিন লিখতে হবে, দুঃস্বপ্নেও ভাবিনি। অপরিমেয় শোক ও গভীর বেদনার সঙ্গে আমরা জানাচ্ছি, আরম্ভ পত্রিকার সহযোদ্ধা, জীবনমুখর, আমাদের প্রিয় শাহিন সুলতানা ৩০ জানুয়ারি, আকস্মিকভাবে আমাদের ছেড়ে চলে গেছেন। শাহিনের বয়স হয়েছিল কুল্লে ৩৫। তাঁর অকাল প্রয়াণে আমরা স্তব্ধ।
শাহিন ছিলেন আরম্ভ পত্রিকার দৃঢ় মেরুদণ্ড, নীরব অথচ অপরিহার্য শক্তি। কাজের প্রতি তাঁর একাগ্র নিষ্ঠা, দায়িত্ববোধ এবং অদম্য শ্রম আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করেছে। তিনি বিশ্বাস করতেন, একটি পত্রিকা কেবল নীরস সংবাদ বা সাহিত্য পরিবেশনার জায়গা নয়, বরং মানুষের পারস্পরিক আস্থা ও স্বপ্নের অভূতপূর্ব জাগরণ। সে স্বপ্নকে একটু একটু করে লালন করে, তিনি ঐকান্তিক শ্রম ও ভালোবাসায় প্রতিদিন গড়ে তুলেছেন। জীবনের প্রতিটা দিনকে দেখতেন উৎসবের মতো— সহকর্মীদের নিয়ে হাসি, আড্ডা, হইহুল্লোড়ে ভরা এ এক উজ্জ্বল উপস্থিতি। বই ছিল তাঁর নিবিড়তম সঙ্গী। ছবি আঁকা, সিনেমা, সাহিত্য, গান ও সংস্কৃতিকে জড়িয়ে আলোর আশ্বাস আর মুক্ত বাতাস ছিল তাঁর সহজাত।
আমাদের বারবার বুকে বিষাদের সুর বাজাচ্ছ, রিনরিনে যন্ত্রণা জানান দিচ্ছে, চলে যাওয়া তো কেবল রূঢ়, সমূহ বাস্তব, কিন্তু চিন্তা-ভাবনা, বোধ-মননের জগতে তাঁর উদযাপন অজেয়, অক্ষয়। কাজের প্রতিটা পর্যায়ে, আর মানুষের সঙ্গে নিঃস্বার্থ জড়িয়ে থাকবার তাঁর উন্মুক্ত উদারতার কাছে আমরা আজ নির্বাক, নতজানু। আরম্ভ পত্রিকার নিত্যদিনের কাজই স্তম্ভিত, প্রতিটি পৃষ্ঠায় শূন্যতার নীরবতা। তবু আমরা বিশ্বাস করি, তাঁর ভালোবাসা, তাঁর অমলিন সতেজ স্মৃতি আর তাঁর ছড়িয়ে দেওয়া মানবিক বোধ আমাদের পথ দেখাবে, দুর্বিষহ অন্ধকারে আলোর পথযাত্রী হয়ে উঠবে।
শাহিন সুলতানার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা অক্ষুণ্ণ হয়ে থাকবে। আমরা অশ্রুরুদ্ধ।
❤ Support Us








