Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ২৮, ২০২৩

স্টার্কের দাপটে ওভালে প্রথম দিনেই বেসামাল ইংল্যান্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
স্টার্কের দাপটে ওভালে প্রথম দিনেই বেসামাল ইংল্যান্ড

চতুর্থ টেস্টে সুবিধাজনক জায়গায় থেকেও বৃষ্টির জন্য জয় হাতছাড়া হয়েছিল। পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে সমতা ফেরানোর স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। কিন্তু ওভালে মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের সামনে প্রথম দিনেই ব্যাকফুটে ইংল্যান্ড। প্রথম ইনিংসে গুটিয়ে গেল ২৮৩ রানে। জবাবে দিনের শেষে ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে অস্ট্রেলিয়া।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান অসি অধিনায়ক প্যাট কামিন্স। ভাল শুরু করেছিলেন দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট। ওপেনিং জুটিতে ওঠে ৬২। আক্রমণাত্মক খেলছিলেন দুজনই। দ্বাদশ ওভারের শেষ বলে ডাকেটকে (‌৪১ বলে ৪১)‌ তুলে নিয়ে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন মিচেল মার্শ। পরের ওভারেই ক্রলিকে ফেরান (‌২২)‌ কামিন্স। জো রুটকে (‌৫)‌ তুলে নেন হ্যাজেলউড। একসময় ৭৩ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে নিয়ে যান মইন আলি (‌৩৪)‌ ও হ্যারি ব্রুক। দুজনের জুটিতে ওঠে ১১১ রান।
টড মার্ফির বলে মইন (‌৩৪)‌ বোল্ড হতেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। ২১২ রানে ৭ উইকেট হারায়। একের পর এক উইকেট পড়লেও বাজবল ক্রিকেট থেকে সরে আসেননি হ্যারি ব্রুক। ৯১ বলে ৮৫ রান করে তিনি আউট হন। বেন স্টোকস (‌৩)‌, জনি বেয়ারস্টোরা (‌৪) ব্যর্থ হলেও ক্রিস ওকস (‌৩৬ বলে ৩৬)‌ ও মার্ক উডের (‌২৯ বলে ২৮)‌ সৌজন্যে ২৮৩ রানে পৌঁছয় ইংল্যান্ড। ‌৮২ রানে ৪ উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। ২টি করে উইকেট নেন হ্যাজলউড ও টড মার্ফি।
চলতি অ্যাশেজে একেবারেই রানের মধ্যে নেই অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। শেষ টেস্টেও ব্যর্থ। মাত্র ২৪ রান করে তিনি ক্রিস ওকসের বলে আউট হন। দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ৬১/‌১। উসমান খোয়াজা ২৬ মার্নাস লাবুশেন ২ রানে ক্রিজে রয়েছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!