- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২৫, ২০২৩
নতিস্বীকার পাকিস্তানের, এশিয়া কাপের ভারতের ম্যাচ নিরপেক্ষ ভেনুতে
একই প্রতিযোগিতা দুটি ভিন্ন দেশে! বিশ্বকাপে যুগ্ম–আয়োজক থাকলে এমন ছবি দেখা যায়। তাই বলে এশিয়া কাপের মতো প্রতিযোগিতায়! তাও আবার আয়োজক একটা দেশ! হ্যাঁ, এমন আজব কান্ডই ঘটতে চলেছে এবছর এশিয়া কাপে। অবশেষে ভারতের চাপের কাছে নতিস্বীকার করে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসছে পাকিস্তান।
এশিয়া কাপ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে টানোপোড়েন চলছে। এশিয়া কাপের আয়োজনের দায়িত্ব পাকিস্তানের। কিন্তু পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যেতে রাজি নয় ভারত। গতবছর থেকেই পাকিস্তান থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। নিরপেক্ষ ভেনুতে এশিয়া কাপ আয়োজন করার কথা বলেছিল।
জটিলতা মেটাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যরা আসরে নামেন। দুই কুল রক্ষা করার দিকেই এগিয়ে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনড় অবস্থানের পরিপ্রেক্ষিতে সমাধানসূত্র বার করা হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডই এশিয়া কাপ আয়োজন করবে। তবে ভারতের ম্যাচগুলি হলে নিরপেক্ষ ভেনুতে।
তবে পাকিস্তান ছাড়া আর কোথায় এশিয়া কাপের ম্যাচ হবে তা এখনও ঠিক হয়নি। চারটি দেশের কথা ভাবা হচ্ছে, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান এবং ইংল্যান্ড। এদের মধ্যে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। নিরপেক্ষ ভেনুতে ভারত–পাকিস্তান দুটি ম্যাচসহ মোট ৩টি ম্যাচ হবে। এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। একটা দল যোগ্যতা অর্জন পর্ব থেকে উঠে আসবে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
❤ Support Us







