Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৪, ২০২৩

‌এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চীনকে উড়িয়ে দারুণ শুরু ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চীনকে উড়িয়ে দারুণ শুরু ভারতের

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে দুর্দান্ত শুরু করল তিনবারের চ্যাম্পিয়ন ভারত। উদ্বোধনী ম্যাচেই ৭–২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে চীনকে। অন্য ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩–১ ব্যবধানে পরাজিত হয়েছে পাকিস্তান। গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া ২–১ ব্যবধানে হারিয়েছে জাপানকে।
বৃহস্পতিবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে চীনের মুখোমুখি হয়েছিল ভারত। শুরু থেকেই ভারতের আক্রমণের সামনে দিশেহারা হয়ে পড়ে চীন। হরমনপ্রীত সিংয়ের জোড়া গোলে প্রথম কোয়ার্টারের শুরুতেই ২–০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। দুটি গোলই আসে পেনাল্টি কর্ণার থেকে। প্রথম কোয়ার্টারের শেষ দিকে ব্যবধান বাড়ান সুখজিৎ সিং।
দ্বিতীয় কোয়ার্টারেও আধিপত্য বজায় ছইল ভারতের। শুরুতেই আকাশদীপ সিং গোল করে ভারতকে ৪–০ ব্যবধানে এগিয়ে দেন। এরপরই রক্ষণের ভুলে গোল হজম করে ভারত। ওয়েন হুই গোল করে ব্যবধান কমান। পেনাল্টি কর্ণার থেকে গোল করে ৫–১ করেন বরুণ কুমার। চীনের হয়ে আবার ব্যবধান কমান জিয়েশেং গাও। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে ভারতের হয়ে ষষ্ঠ গোলটি করেন বরুণ কুমার। তৃতীয় কোয়ার্টারে ভারতকে ৭–২ ব্যবধানে এগিয়ে দেন মনদীপ সিং।
অন্যদিকে, প্রথম ম্যাচেই হারের মুখে পড়তে হল পাকিস্তানকে। মালয়েশিয়ার কাছে ৩–১ গোলে হার। মালয়েশিয়ার হয়ে দুটি গোল করেন ফিরহান আশারি। অন্য গোলটি সিলভেরিয়াসের। পাকিস্তানের হয়ে গোলটি করেন আব্দুল রহমান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!