- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৮, ২০২৩
১১ হাজার ফুট উঁচুতে ফুটবল বিপ্লব ঘটাচ্ছে লাদাখ এফসি
লাদাখে ফুটবল? একটা সময় কথাটা শুনে অনেকেই ভ্রু কুঁচকে উঠতেন। রুক্ষ জায়গায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ফুট ওপরে, পেশাদার ফুটবল ক্লাব তৈরি করাটা সত্যিই ছিল চ্যালেঞ্জের। আর সেই চ্যালেঞ্জের মধ্যেই গড়ে উঠেছে লাদাখ এফসি। নিজেদের শুধু পেশাদার ক্লাব হিসেবে গড়ে তোলাই নয়, ২০২৫ সালের মধ্যে ভারতের পরিচ্ছন্ন এবং সবুজতম ক্লাব হওয়ার পরিকল্পনাও নিয়েছেন এই ক্লাবের কর্তারা।
অন্যান্য আর পাঁচটা ফুটবল ক্লাবের থেকে সম্পূর্ণ আলাদা মানসিকতা নিয়ে এগিয়ে চলেছে লাদাখ এফসি। প্রতিটি ফুটবলার ও সাপোর্ট স্টাফ পরিবেশবান্ধব ডেনিস ব্রান্ডের কিট ব্যবহার করবে। যে কিট পরিষ্কার করতে কোনও জলের প্রয়োজন হবে না। শুধু পরিবেশবান্ধব কিট ব্যবহারই নয়, লক্ষ্যে পৌঁছতে গোটা দলকে অনেক ত্যাগ স্বীকারও করতে হবে। যেসব নিয়ম ফুটবলার, সাপোর্ট স্টাফ ও ক্লাব কর্তাদের জন্য ঠিক হয়েছে তা আরও কঠিন। আর পাঁচটা পেশাদার ক্লাব থেকে সম্পূর্ণ আলাদা।

ভারতের অন্য পেশাদার ক্লাবগুলির ক্ষেত্রে দেখা যায়, ফুটবলাররা কখনও নিজেদের গাড়িতে, কখনও টিমবাসে প্র্যাকটিসে যায়। কিন্তু লাদাখ এফসি–র নিয়ম সম্পূর্ণ আলাদা। ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের হোটেল থেকে লেহ–তে প্র্যাকটিস গ্রাউন্ডে যেতে হবে সাইকেল চালিয়ে। শুধু তাই নয়, প্লাস্টিকবর্জন নীতির অংশ হিসেবে দলের প্রত্যেক সদস্যকে কাস্টমাইজড অ্যালুমিনিয়ামের জলের বোতল রাখতে হবে। তারা যেখানেই যান না কেন, সেই জলের বোতল ব্যবহার করতে হবে। কোনও প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করা যাবে না। এছাড়া ফুটবলারদের সঙ্গে আরও একটা চুক্তি করা হচ্ছে। লাদাখের নদীনালা পরিস্কার এবং সাম্প্রদায়িক সচেতনতা বৃদ্ধির মত কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
এক বছরে লাদাখ ফুটবলে ব্যাপক উন্নতি হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে প্রথম লাদাখকে অনুমোদিত সংস্থার স্বীকৃতি দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এরপর গত বছর ডিসেম্বরে প্রথম তারা সন্তোষ ট্রফিতে অংশ নিয়ে ইতিহাস তৈরি করেছে। সন্তোষ ট্রফিতে নিজেদের অভিষেক ম্যাচেই উত্তরাখণ্ডের সঙ্গে ২–২ গোলে ড্র করে। শুধু তাই নয়, লাদাখের মহিলা ফুটবল অনেকটাই এগিয়েছে। গত বছর অনূর্ধ্ব ১৭ মহিলাদের জাতীয় চ্যাম্পিয়নশিপেও প্রতিনিধিত্ব করেছিল লাদাখ।
লাদাখ এফএ–র সাধারণ সম্পাদক সেরিং অ্যাংমো বলেন, ‘লাদাখে ফুটবল সবসময় শখ হিসাবে খেলা হত। কোনও পেশাদার কাঠামো ছিল না। শুধু স্থানীয় টুর্নামেন্টে খেলা হত। লাদাখ এফএ গঠিত হওয়ার পরে, প্রায় ৩৩ টি ক্লাব তৈরি হতে দেখেছি। খুব জনবহুল রাজ্য না হলেও, এখানে ফুটবলের খুব প্রতিশ্রুতিশীল ভবিষ্যত রয়েছে।’ এই বছরের মে মাস থেকে লাদাখ এফএ দুই জেলা লেহ এবং কার্গিলে ফুটবল লিগ শুরু করবে। বিজয়ী দল আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পাবে।

ফুটবল দল লাদাখ এফসি
লাদাখ এফসি–র প্রথম চ্যালেঞ্জ উদ্বোধনী লিগ জেতা। ক্লাবের এক শীর্ষকর্তা বলেন, ‘আমাদের প্রথম পছন্দ হবে লাদাখের খেলোয়াড়দের সই করানো। আমরা নিশ্চিত করব যে ন্যূনতম চারজন খেলোয়াড় প্রাথমিকভাবে এই অঞ্চলের হবে। আমরা চাই এই ক্লাবটি এই অঞ্চলের তরুণদের জন্য একটি অনুপ্রেরণা হয়ে উঠুক। তাদের জানা উচিত যে, পেশাদার ফুটবলার হিসাবে তাদের ভবিষ্যত থাকতে পারে।’ ট্রায়ালের জন্য আইস হকি খেলোয়াড় এবং যারা শীতকালীন খেলায় অংশগ্রহন করেন, তাঁদের ডাকা হচ্ছে।
❤ Support Us







