- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৫, ২০২৩
বড়ো ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারছেন না জশ হ্যাজেলউড
ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামার আগে বড়ো ধাক্কা অস্ট্রেলিয়া শিবিরে। চোটের জন্য ফাইনাল থেকে ছিটকে গেলেন জোরে বোলার জশ হ্যাজেলউড। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে জোরে বোলার, অলরাউন্ডার মিচেল নেসেরকে।
দীর্ঘদিন ধরেই গোড়ালির চোটে ভুগছেন হ্যাজেলউড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সব ম্যাচে খেলতে পারেননি। মাত্র তিনটি ম্যাচে মাঠে নেমেছিলেন। চোটের জন্য আইপিএল শেষ হওয়ার আগেই দেশে ফিরে গিয়েছিলেন হ্যাজেলউড। তাঁর ফিটনেস নিয়ে ধোঁয়াশা ছিল। তবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল হ্যাডেলউড পুরোপুরি ফিট। তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন। তাঁকে দলেও রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু খেলার মতো জায়গায় না আসায় শেষ মুহূর্তে ছিটকে গেলেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার জন্য দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন জশ হ্যাজেলউড। বেশ কয়েকদিন দলের সঙ্গে অনুশীলনও করেন। কিন্তু ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেননি। পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে নিয়ে ঝুঁকিও নিতে চায়নি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। সামনে অ্যাশেজ সিরিজ। সেকথা মাথায় রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল থেকে বাদ দেওয়া হল। অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান জর্জ বেইলি বলেন,‘আমাদের সামনে লম্বা সূচি রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না। হ্যাজেলউড পুরো ফিট হয়ে উঠলে অ্যাশেজে খেলবে। ওর পরিবর্তে মিচেল নেসেরকে দলে নেওয়া হয়েছে।’
ওভালে ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের বিরুদ্ধে ফাইনালে ৩ বিশেষজ্ঞ জোরে বোলার নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। প্রথম একাদশে থাকবেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড। চতুর্থ জোরে বোলারের দায়িত্ব সামলাবেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।
❤ Support Us







