Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ১৬, ২০২৫

বাঙালি নয় বাংলাদেশি হবে পরিচয়, প্রস্তাব পেশ । সংবিধান সংশোধনের পথে বাংলাদেশ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
বাঙালি নয় বাংলাদেশি হবে পরিচয়, প্রস্তাব পেশ । সংবিধান সংশোধনের পথে বাংলাদেশ ?

বদলে যাচ্ছে বাংলাদেশের নামও !‌  ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ পরিবর্তন করে ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর প্রজাতন্ত্রের পরিবর্তে ‘নাগরিকতন্ত্র’ করার প্রস্তাবও করেছে। বুধবার অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে সংস্কারের সুপারিশ জমা দিয়েছে।

অধ্যাপক আলি রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশনের একটা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকে বাংলাদেশের নাম পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারপরেই কমিশনের সদস্য ঐক্যমতে পৌঁছন। তারপরই বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের কাছে সংস্কারের সুপারিশ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয়। নাম পরিবর্তনের সুপারিশ ছাড়াও এই সংবিধান সংস্কার কমিশন আরও তিনটি সংস্কার  রিপোর্ট জমা দিয়েছে। সেই তিনটি কমিশন হল নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশন।

বর্তমানে বাংলাদেশের সংবিধানের নামের সঙ্গে যুক্ত আছে, ‘‌গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’‌। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ করেছে ‘‘জনগণতন্ত্রী বাংলাদেশ’। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, ‘‌জনগণের সম্মতি নিয়ে আমরা এই সংবিধান জনগণতন্ত্রী বাংলাদেশের সংবিধান হিসেবে গ্রহণ করছি।’‌ দেশের বর্তমান সংবিধানে বলা আছে বাংলাদেশ একটা একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা ‘‌গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’‌ নামে পরিচিত। কমিশন আরও সুপারিশ করেছে যে সংবিধানের প্রযোজ্য সব ক্ষেত্রে ‘‌প্রজাতন্ত্র’‌ এবং ‘‌গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’‌ শব্দের পরিবর্তে ‘‌নাগরিকতন্ত্র’‌ এবং ‘‌জনগণতন্ত্রী বাংলাদেশ’‌ শব্দ ব্যবহৃত হবে। তবে ইংরেজি সংস্করণে ‘‌রিপাবলিক’‌ ও ‘‌পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’‌ শব্দগুলো থাকছে।

নাগরিকত্ব পরিচয়ের ক্ষেত্রেও পরিবর্তন আসছে। ‘‌বাঙালি’‌ বাদ দিয়ে ‘‌বাংলাদেশী’‌ করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। ‘‌বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’‌, এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে সংবিধান সংস্কারের প্রস্তাবে। বাংলাদেশের নাগরিকগণ ‘‌বাংলাদেশী’‌ বলে পরিচিত হবেন বলে প্রস্তাবে সুপারিশ করা হয়েছে।পাশাপাশি ধর্মনিরপেক্ষ শব্দ প্রত্যাহারের কথাও বলা হয়েছে।

সুপারিশমালার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা করা হবে জানিয়েছে সেদেশের অন্তবর্তী সরকার। আলোচনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্যে কমিশন গঠন করা হয়েছে। সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে ফেব্রুয়ারির মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু হবে। এই রিপোর্ট নিয়ে সংস্কার কমিশন বসবে। এখন দেখার বাংলাদেশের মানুষ এই সংস্কার প্রস্তাব মানেন কিনা। ইতিমধ্যেই আওয়ামী লীগ, বিএনপি সহ সে দেশের একাধিক দলের তরফে এই পরিবর্তন প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!