- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ৩০, ২০২৩
অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি নাজমুলের, চালকের আসনে বাংলাদেশ
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ওপর ক্রমশ জাঁকিয়ে বসছে বাংলাদেশ। সৌজন্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩ উইকেটে তুলেছে ২১২ রান। ১৯৩ বলে ১০৪ রান করে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন। সঙ্গে রয়েছেন মুশফিকুর রহিম। তাঁর সংগ্রহে ৪৩। এই অসমাপ্ত জুটিই স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশকে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে ২০৫ রানে।
আগের দিনের ৮ উইকেটে ২৬৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। সকালের দিকে দুই অপরাজিত ব্যাটার কাইল জেমিসন ও টিম সাউদির ডিফেন্স ভাঙতে পারেননি বাংলাদেশ বোলাররা। এই জুটিই নিউজিল্যান্ডকে ৩০০ রানের গন্ডি পার করে দেন। ১০২ তম ওভারের প্রথম বলে জেমিসনকে তুলে নিয়ে জুটি ভাঙেন মোমিনুল হক। ৭০ বলে ২৩ রানের লড়াকু ইনিংস খেলেন জেমিসন। একই ওভারের পঞ্চম বলে টিম সাউদিকেও ফেরান মোমিনুল। ৬২ বলে ৩৫ রান করেন সাউদি। ৩১৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ১০৯ রানে ৪ উইকেট নেন তাইজুল ইসলাম। ৪ রানে ৩ উইকেট মোমিনুলের।
৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ২৩ রানে প্রথম উইকেট হারায়। আজাজ প্যাটেলের বলে আউট হন জাকির হাসান (১৭)। মাহমুদুল হাসান (৮) রান আউট হতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক জুটি চাপ কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। দলের ১১৬ রানের মাথায় আবার ধাক্কা বাংলাদেশের। রান আউট হন মোমিনুল (৪০)।
মোমিনুল আউট হওয়ার পর বাংলাদেশকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম। দিনের শেষ বেলায় সেঞ্চুরি করেন শান্ত। তাঁর সেঞ্চুরি আসে ১৯২ বলে। টেস্টে এটা পঞ্চম শতরান নাজমুল হোসেন শান্তর। বাংলাদেশের অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে নজির গড়লেন। তাঁর ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। নাজমুল অপরাজিত আছেন ১৯৩ বলে ১০৪ রান করে। তাঁর সঙ্গী মুশফিকুর রহিমের রান ৭১ বলে ৪৩। ৯৬ রানের অবিচ্ছিন্ন এই জুটির সৌজন্যে বাংলাদেশ এগিয়ে ২০৫ রানে।
❤ Support Us






