- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ২, ২০২৫
বাদ পড়লেন বঙ্গবন্ধু , বদলে জাতীয় স্থাপত্যের ছবি। বাংলাদেশে চালু নতুন টাকা
বাংলাদেশে নতুন নোট চালু করেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। জুলাই-আগষ্ট পরবর্তী বাংলাদেশে ইতিহাস বদলের ধারাবাহিকতা বজায় রেখে নতুন টকায় আর থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। ১ জুন থেকে বাংলাদেশ ব্যাংক সীমিত পরিসরে নতুন নকশার ২০, ৫০ আর ১০০০ টাকার নোট বিতরণ শুরু করেছে। সোমবার থেকে ঢাকার সব ব্যাংক শাখায় সাধারণ মানুষ এই নোট সংগ্রহ করতে পারবেন, ধীরে ধীরে অন্যান্য জেলা শহরেও পৌঁছবে বলে জানা যাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইদের ছুটির আগে রাজধানীর বাইরে নতুন নোট সরবরাহ করা সম্ভব হবে না। এদিন রাজধানী ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রথম পর্যায়ে দেশের ১০টি বাছাই করা ব্যাংককে দেওয়া হয় নতুন নোট। প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে।
গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ব্যাংক নতুন নোট ছাপানো বন্ধ রেখেছিল। কারণ, তৎকালীন আওয়ামী সরকার আমলে ছাপা সব নোট ও কয়েনে বঙ্গবন্ধুর ছবি বাধ্যতামূলক করা হয়েছিল। সেই সিদ্ধান্ত নতুন সরকারের দৃষ্টিতে বিতর্কিত। হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন সরকারি দফতর থেকেও বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়। এমনকি ঢাকায় তাঁর একটি মূর্তি ভেঙে ফেলার ঘটনাও ঘটে। সেই প্রেক্ষিতেই নতুন নোট থেকে তাঁর ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগের ছাপা থাকা অনেক নতুন নোটও তখন বাজারে ছাড়া হয়নি। এর ফলে বাজারে ধীরে ধীরে ছেঁড়াফাটা, পুরনো আর ময়লা নোটের পরিমাণ বেড়ে যায়। তৈরি হয় নগদ অর্থ লেনদেনে সংকট। সেই সংকট দূর করতেই নতুন উদ্যোগে এগিয়ে আসে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন নোট চালুর পাশাপাশি একটি সুস্পষ্ট বার্তা দিল অন্তর্বর্তীকালীন প্রশাসন— রাজনৈতিক প্রতীক বা ব্যক্তিত্ব নয়, বরং জাতির সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যই থাকবে নতুন মুদ্রায়। বহু দশক পর বঙ্গবন্ধুর ছবি ছাড়া কোনও নোট বাজারে এল। আর এই ঘটনা শুধু নোটের নকশা পরিবর্তন নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের একটি প্রতীকও।
নতুন নোটের নকশা এবং বৈশিষ্ট্যও বিশেষভাবে পরিকল্পিত। ১০০০ টাকার নতুন নোটে বঙ্গবন্ধুর ছবির জায়গায় সামনে বাঁ দিকে স্থান পেয়েছে জাতীয় স্মৃতিসৌধের ছবি। পেছনে রয়েছে জাতীয় সংসদ ভবনের ছবি। পুরো নোটে বেগুনির আধিক্য, আর জলছাপে রয়েছে বেঙ্গল টাইগারের মুখ। মাঝখানে রয়েছে জাতীয় ফুল শাপলার ব্যাকগ্রাউন্ড। ৫০ টাকার নোটেও বড়সড় পরিবর্তন। যেখানে একসময় ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সেখানে এসেছে আহসান মঞ্জিল। পেছনে যুক্ত হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। বাদামি রঙের এই নোটটিতেও রয়েছে শাপলা ও বেঙ্গল টাইগারের জলছাপ। ২০ টাকার নোটে স্থান পেয়েছে কান্তজিউ মন্দিরের ছবি, যা বাংলাদেশের প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের অন্যতম নিদর্শন। পেছনে আছে পাহাড়পুর বৌদ্ধবিহার। সবুজ রঙের এই নোটেও একইভাবে দেখা যাবে শাপলা ও বাঘের জলছাপ। নতুন ৩টি নোট সুতি কাগজে ছাপা, এবং নিরাপত্তার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে নতুন নোট চালু হলেও, এখনই পুরনো নোট বাতিল করা হচ্ছে না। অর্থাৎ বঙ্গবন্ধুর ছবি-যুক্ত ২০, ৫০ এবং ১০০০ টাকার পুরনো নোটও চলবে আগের মতোই। তবে বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে অনেকেই মনে করছেন, যেহেতু নতুন করে মুজিবের ছবি-সহ নোট ছাপানো বন্ধ হয়ে গেছে, তাই ধীরে ধীরে সেগুলি বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া হতে পারে।
❤ Support Us






