- দে । শ
- আগস্ট ২৪, ২০২৬
সেপ্টেম্বরে একাধিক দিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ব্যাঙ্কিং পরিষেবায় ফের বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) একাধিক ধর্মঘট কর্মসূচির ঘোষণা করেছে। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা এবং সরকারের নতুন পারফরম্যান্স লিঙ্কড ইনসেন্টিভ (PLI) বা কর্মদক্ষতা-ভিত্তিক উৎসাহভাতা কাঠামো প্রত্যাহারের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
কোন কোন দিনে ধর্মঘট ?
ইউনিয়নগুলির বর্তমান ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তিন দফায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে —
- ১১ সেপ্টেম্বর: একদিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট।
- ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর: টানা তিন দিনের সর্বভারতীয় ব্যাঙ্ক ধর্মঘট।
- ২৬ অক্টোবর থেকে: অনির্দিষ্টকালের সর্বভারতীয় ধর্মঘটের ডাক।
ধর্মঘটের পাশাপাশি অগস্টের শেষ সপ্তাহ থেকেই আন্দোলনের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিক্ষোভ কর্মসূচি, ধর্মঘটের নোটিস প্রদান, কালো ব্যাজ পরা এবং বিভিন্ন ধরনের প্রচারাভিযান চালানোর মতো কর্মসূচি রয়েছে।
পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর দাবি
বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ইউনিয়নগুলির দীর্ঘদিনের দাবি, সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হোক এবং মাসের বাকি শনিবারগুলিকেও ছুটির আওতায় আনা হোক।
ইউনিয়নগুলির দাবি, ২০২৩ সালের সমঝোতা এবং ২০২৪ সালের Bipartite Settlement-এর মাধ্যমে পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালুর বিষয়টি এগিয়েছিল। তবে এখনও তা সম্পূর্ণভাবে কার্যকর না হওয়ায় কর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে।
PLI নিয়ে কেন আপত্তি ?
ধর্মঘটের দ্বিতীয় বড় কারণ হল সরকারের সংশোধিত Performance Linked Incentive বা PLI কাঠামো। PLI হল ব্যাঙ্কের কর্মী ও আধিকারিকদের কর্মদক্ষতা অথবা ব্যাঙ্কের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া অতিরিক্ত আর্থিক সুবিধা।
AIBEA-র ২০ অগস্টের সার্কুলার অনুযায়ী, নতুন PLI ব্যবস্থায় স্কেল IV এবং তার উপরের আধিকারিকদের ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে তুলনামূলকভাবে বেশি PLI পাওয়ার সুযোগ রাখা হয়েছে। এই কাঠামো নিয়েই মূল আপত্তি জানিয়েছে ইউনিয়নগুলি।
আগের ব্যবস্থায় কর্মী ও আধিকারিকদের জন্য ব্যাঙ্কের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ ১৫ দিনের Basic Pay ও Dearness Allowance (DA)-এর সমপরিমাণ PLI দেওয়ার নিয়ম ছিল।
ইউনিয়নগুলির অভিযোগ, নতুন কাঠামো কর্মীদের মধ্যে বৈষম্য তৈরি করতে পারে। তাদের দাবি, PLI নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্সের পরিবর্তে ব্যাঙ্কের সামগ্রিক পারফরম্যান্সকে মূল ভিত্তি করা উচিত। পাশাপাশি, স্কেল VII পর্যন্ত কর্মী ও আধিকারিকদের জন্য একই ধরনের PLI কাঠামো চালুর দাবিও জানানো হয়েছে।
PLI-র নতুন কাঠামো ইতিমধ্যেই বিতর্কের মধ্যে রয়েছে এবং বিষয়টি দিল্লি হাইকোর্টে বিচারাধীন। তবে AIBEA জানিয়েছে, আলোচনার মাধ্যমে PLI কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার বিষয়েও ইউনিয়নগুলি সরকারের সঙ্গে কথা বলতে প্রস্তুত।
ব্যাঙ্ক গ্রাহকদের কী প্রভাব পড়তে পারে ?
ধর্মঘটগুলি ঘোষিত কর্মসূচি অনুযায়ী কার্যকর হলে সংশ্লিষ্ট দিনগুলিতে ব্যাঙ্কের শাখা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেপ্টেম্বরের নির্দিষ্ট তারিখগুলিতে শাখায় গিয়ে জরুরি কাজ থাকলে গ্রাহকদের আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া সুবিধাজনক।
বিশেষ করে নগদ লেনদেন, চেক সংক্রান্ত কাজ, নথি জমা বা শাখা-নির্ভর অন্যান্য জরুরি পরিষেবার প্রয়োজন থাকলে ধর্মঘটের তারিখগুলি মাথায় রেখে কাজ সেরে রাখা ভালো। অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং ATM পরিষেবার ক্ষেত্রে পরিস্থিতি পরিষেবা প্রদানকারী ব্যাঙ্ক ও সংশ্লিষ্ট ব্যবস্থার উপর নির্ভর করবে।
❤ Support Us








