- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩, ২০২৬
কেকেআরএ খেলতে পারবেন না মুস্তাফিজুর, নির্দেশ বিসিআই-এর
সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর), যে তাদের বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে এই আইপিএল থেকে ছাড়তে হবে। বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে আমাদের পক্ষ থেকে কেকেআরকে জানানো হয়েছে, তারা মুস্তাফিজুরকে ছেড়ে দিক। তবে যদি তারা কোনো বিকল্প প্লেয়ার চান, আমরা সেটার অনুমতি দেব।”
এ বছর রেকর্ড ৯.২ কোটি টাকায় বাংলাদেশি পেসার মুস্তাফিজুরকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু এই খেলোয়াড়কে খেলানোর ক্ষেত্রে হিন্দুত্ববাদী রাজনৈতিক গোষ্ঠীরও প্রবল আপত্তি রয়েছে। ওপার বাংলায় ধর্মীয় আগ্রাসন ও সংখ্যালঘুদের বিরুদ্ধে হানাহানির কারণে নিরাপত্তাহীনতার বিষয়টি আরও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে।
কলকাতায় আইপিএলের ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বিজেপি নেতা কৌস্তভ বাগচী প্রকাশ্যে আপত্তি জানানোর পর মুস্তাফিজুরের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। তাঁর এই মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। এমনকি বেশ কয়েকজন নিলামে চুক্তির পক্ষে সমর্থন জানানোর জন্য নাইট রাইডার্সের সহ–মালিক অভিনেতা শাহরুখ খানকেও আক্রমণ করেছে।
যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি রাজনৈতিক প্রতিক্রিয়ার ব্যাপারে কোনও মন্তব্য করেনি। সাইকিয়ার বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বোর্ড পদক্ষেপ নেওয়ার আগে বৃহত্তর পরিস্থিতি পর্যালোচনা করেছে। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশটি আইপিএল ২০২৬ এর প্রস্তুতির জটিলতা এড়াতে প্রতিরোধমূলক ব্যবস্থা বলে মনে করা হচ্ছে।
বিসিসিআইয়ের এক সূত্র প্রাথমিকভাবে জানিয়েছিল, এই বিষয়ে বোর্ডের হাতে কোনও সিদ্ধান্ত নেই, কারণ বাংলাদেশিরা আইপিএলে খেলতে পারবে কি পারবে না, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি। তবে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে বোর্ড তাদের অবস্থান স্পষ্ট করেছে।
ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে বোর্ডের এই সিদ্ধান্তের ফলে নাইট রাইডার্সের বিদেশি জোরে বোলিং বিভাগে শূন্যতা তৈরি করেছে। সীমিত ওভারের ক্রিকেটে বৈচিত্র্য এবং কার্যকারিতার জন্য পরিচিত মুস্তাফিজুর। বিশেষ করে ধীর গতির উইকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হয়েছিল।
২০২৫ সালের ডিসেম্বরে আইপিএল ২০২৬ এর মিনি নিলামের সময় ৯.২০ কোটি টাকায় মুস্তাফিজুরকে তুলে নেয় নাইট রাইডার্স। এই চুক্তি নিয়ে শীঘ্রই বিতর্ক দেখা দেয়। রাজনৈতিক মহল এবং বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা শুরু হয়।
❤ Support Us






