- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৬, ২০২৫
মধ্যপ্রদেশের কাছে হেরেও বিজয় হাজারে ট্রফির নক আউটে বাংলা
বিজয় হাজারে ট্রফিতে বাংলার সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার পথে বাধা হয়ে দাঁড়াল মধ্যপ্রদেশ। নিজেরা তো নক আউটে যেতে পারলই না, বাংলাকে হারিয়ে বরোদাকে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ করে দিল রজত পতিদারের দল। আর গ্রুপ লিগের শেষ ম্যাচে মধ্যপ্রদেশের কাছে হেরে প্রি–কোয়ার্টার ফাইনালে খেলতে হবে বাংলাকে। রজত পতিদারের দুরন্ত সেঞ্চুরিই বাংলাকে পরাজয়ের পথে ঠেলে দেয়।
টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল মধ্যপ্রদেশ। নির্ধারিত ৫০ ওভারে বাংলা ৭ উইকেটে তোলে ২৬৯ রান। ওপেন করতে নেমে ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ৯৯ রান করেন অধিনায়ক সুদীপ ঘরামি। তিন নম্বরে নামা সুদীপ চ্যাটার্জি ৫৭ বলে করেন ৪৭। মহম্মদ সামি ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও ১টি ছক্কা। অভিষেক পোড়েল (৯), অনুষ্টুপ মজুমদার (১৫), সুমন্ত গুপ্ত (৩), করণ লাল (১৫), প্রদীপ্ত প্রামাণিকরা (৫) ব্যর্থ। ২১ বলে ২০ রানে অপরাজিত থাকেন কৌশিক মাইতি। আরিয়ান পাণ্ডে ১০ ওভারে ৪০ ও আবেশ খান ১০ ওভারে ৬২ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। সারাংশ জৈন ও সাগর সোলাঙ্কি পেয়েছেন ১টি করে উইকেট।
ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মধ্যপ্রদেশ। প্রথম বলেই উইকেট হারিয়েছিল। হর্ষ গাউলি (০) মহম্মদ সামির বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দেন। ১.৪ ওভারে ২ রানে পড়ে দ্বিতীয় উইকেট। তৃতীয় উইকেট জুটিতে শুভম ও রজত ১৮৫ রানের পার্টনারশিপ মধ্যপ্রদেশের জয়ের ভিত গড়ে দেয়। শুভ্রাংশু সেনাপতি ২৫ রান করেন। বেঙ্কটেশ আইয়ার ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন। ২২ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় মধ্যপ্রদেশ। ৪৬.২ ওভারে তারা তোলে ৪ উইকেটে ২৭১। ৪ নম্বরে নেমে রজত পতিদার ১৩৭ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন। ৮টি চার ও ১টি ছক্কা মারেন। ১ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন শুভম শর্মা। তিনি ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১০৪ বলে ৯৯ রান করেন। সামি ৮ ওভারে ৪০ রান দিয়ে একটি উইকেটই পেয়েছেন। ৯.২ ওভারে ৫৮ রান খরচ করে সায়ন ঘোষ পান ২ উইকেট। কণিষ্ক শেঠ ৯ ওভারে ৬৮ রান খরচ করে পান ১টি উইকেট।
❤ Support Us








