- দে । শ
- আগস্ট ১৩, ২০২৬
আবেগঘন বার্তার পরেই উদ্ধার বিজেপি নেতার দেহ
সমাজমাধ্যমে বার্তা দিয়েছিলেন, যেদিন তিনি মারা যাবেন, সেদিন দলের পতাকা দিয়ে যেন তাঁর শরীরে মুড়ে দেওয়া হয়। এ বার্তার কিছুক্ষণের মধ্যেই উদ্ধার হলো বিজেপি নেতার রেলে কাটা মৃতদেহ। বৃহঃস্পতিবার সকালের ঘটনা। মৃত গোবিন্দ বসাক (২৬) কালনার ধাত্রীগ্রামের গ্রামকালনা উত্তরপাড়ার বাসিন্দা। তিনি পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিজেপির যুবমোর্চার অফিস সেক্রেটারি ছিলেন। খবর পেয়ে কালনার জিআরপি পুলিশ গোবিন্দর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়।
গোবিন্দ এক বন্ধুর হোয়াটসঅ্যাপে ‘মৃত্যু হলে দলীয় পতাকায় শরীর মুড়ে দেওয়ার’ মেসেজের পাশাপাশি নিজের ফেসবুক থেকেও একটি মেসেজ লেখেন। তাতে লেখা, ‘আজকের দিনের জন্য গ্যাংস্টারের চিরবিদায়। বিজেপি জিন্দাবাদ। ভারতবাসী জিন্দাবাদ। জীবনের মত হারিয়ে যাচ্ছি। ফোনটা আমার পুকুরেই থাকবে। বিজেপিকে খুব ভালোবাসতাম। গ্যাংস্টার গোবিন্দ জিন্দাবাদ।’
উল্লেখ্য, দলের সব কর্মসূচিতেই আগে ছুটত বলে বন্ধুরা আদর করে গোবিন্দকে ‘গ্যাংস্টার’ বলে ডাকত। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নামে বিজেপির অন্দরে। এ মৃত্যু মানতে পারছেন না কেউ। মৃতের ভাই বিশ্বনাথ বসাক জানান, ‘বাড়িতে কোনো অশান্তির ঘটনা ঘটেনি। দাদা মাঝেমধ্যেই নেশা করত। তবে ফেসবুকে কেন এমন ও লিখল সেটাই আমাদের ভাবাচ্ছে। মৃত্যুর কারণ বুঝে উঠতে পারছি না। সঠিক তদন্তের দাবি জানাই।’
অন্যদিকে, পূর্বস্থলী দক্ষিণের ২ নং মণ্ডলের যুব মোর্চার সভাপতি কমল দাস বলেন, ‘গভীর রাতে গোবিন্দ বসাক ব্যক্তিগতভাবে আমাকে মেসেজ করে। লেখে, যেদিন মারা যাব দলের পতাকা দিয়ে আমার শরীর মুড়ে দিও। ফেসবুকেও মেসেজ করে। ওকে আমরা ভালোবেসে সবাই গ্যাংস্টার বলতাম। কারণ ও সবার থেকে ছোটো। সমস্ত কাজে পারদর্শী ছিল।’ যোগ করেন, ‘কী কারণে এ ঘটনা ঘটল দলের পক্ষ থেকে তার সঠিক তদন্তের দাবি জানাব প্রশাসনের কাছে। ওর কোনো শত্রু নেই। কিন্তু কেন এমন হলো বুঝতে পারছি না।’
❤ Support Us





