- দে । শ
- নভেম্বর ২, ২০২৬
বাঁশদহ ও চাঁদের বিল সংস্কার, মৎস্যজীবীদের পাশে পদ্ম বিধায়ক প্রাণকৃষ্ণ
পূর্বস্থলী ১নং ব্লকের বড় কোবলা এলাকায় প্রায় ১০০ একর এলাকা জুড়ে রয়েছে পাশাপাশি দুটি বিশাল জলাশয়। বাঁশদহ ও চাঁদের বিল। এই বিল দুটিই এলাকার শ’দুয়েক মৎস্যজীবী পরিবারের রুটিরুজি জোগায়। বিল দুটি কচুরিপানায় ঢেকে যাওয়ায় মাছ ধরতে সমস্যা হচ্ছে। এছাড়াও এলাকার বহু মৎস্যজীবীর অভিযোগ, মৎস্যজীবীদের উন্নয়নের জন্য সরকারের বহু প্রকল্প থেকে এতদিন ধরে তারা বঞ্চিত। সমস্যার কথা জেনে মৎস্যজীবীদের মহল্লায় হাজির হলেন সংশ্লিষ্ট পূর্বস্থলী দক্ষিণের বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার। এলাকার মৎস্যজীবী ও বিল তত্ত্বাবধানের দায়িত্বে থাকা ১৩২ জন সদস্যর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বৈঠক করলেন। জানালেন, ‘বিলে কচুরিপানা জমে যাওয়ায় মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। বিষয়টি গুরুত্ব দিয়ে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। কালীপুজোর পর থেকেই কাজ শুরু হবে। গোটা বিলকে কচুরিপানা মুক্ত করা হবে।’ বিধায়কের অভিযোগ, ‘বিলটি থেকে বেআইনিভাবে মাটি কাটার ফলে বিলের ভিতরে বিশাল বিশাল গর্ত তৈরি হয়েছে। সেইসব গর্তগুলিতে বড় বড় মাছ লুকিয়ে থাকায় জাল ফেলে ধরা যাচ্ছে না। ভবিষ্যতে বেআইনিভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এছাড়াও বৈঠকে প্রাণকৃষ্ণবাবু মৎস্যজীবীদের আশ্বাস দেন, তাদের জন্য সরকার যে সমস্ত সুবিধার বন্দোবস্ত করেছে, সেগুলি যাতে তাঁরা স্বচ্ছতার সঙ্গে পেতে পারেন, তার ব্যবস্থা হবে। নিয়ম করে সঠিক পদ্ধতি মেনে মাছ ছাড়া হবে। বিধায়কের কথায়, ‘এখানকার মৎস্যজীবীদের পরিবারগুলির সার্বিক উন্নয়ন, তাদের জীবনযাত্রার মানোন্নয়ন, তাদের পাশে থাকা ও তাদের মুখে হাসি ফোটানোই লক্ষ্য।’
❤ Support Us






