Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২, ২০২৬

বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা ! ভাড়াবৃদ্ধির প্রস্তাব বাস মালিকদের, পরিবহণমন্ত্রীকে চিঠি

আরম্ভ ওয়েব ডেস্ক
বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৮ টাকা ! ভাড়াবৃদ্ধির প্রস্তাব বাস মালিকদের, পরিবহণমন্ত্রীকে চিঠি

রাজ্যে বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানোর দাবিতে ফের সরব হল বাস মালিকদের সংগঠন । কলকাতায় সাধারণ বাসের ন্যূনতম ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা করার প্রস্তাব দিয়েছে ‘জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটস’। ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহকে চিঠি দিয়েছে সংগঠনটি । তবে এই প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের তরফে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানানো হয়নি ।

সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারি ভাবে বাসভাড়া বাড়ানো হয়নি । গত আট বছরে জ্বালানি তেলের দাম, বাসের রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতন-সহ বিভিন্ন খরচ অনেকটাই বেড়েছে । করোনা অতিমারির ধাক্কা সামলে ওঠার আগেই এই অতিরিক্ত আর্থিক চাপ বেসরকারি বাস পরিষেবাকে আরও সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে । মালিকদের দাবি, ক্রমাগত লোকসানের কারণে রাজ্যের বেসরকারি গণপরিবহণ ব্যবস্থা কার্যত অচলাবস্থার মুখে ।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর ন’দফা দাবি-সহ একটি স্মারকলিপি পরিবহণ দফতরে জমা দিয়েছিল সংগঠনটি । সেই সময় পরিবহণমন্ত্রীর তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, দুর্গাপুজোর পর বাসভাড়া সংক্রান্ত বিষয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে । সেই আশ্বাসের কথা মনে করিয়েই নতুন করে ভাড়ার কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে ।

সংগঠনের প্রস্তাব অনুযায়ী, কলকাতায় সাধারণ বাসের প্রথম চার কিলোমিটারের ভাড়া হবে ১৮ টাকা । এরপর দূরত্ব অনুযায়ী ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে । ৪ থেকে ৬ কিলোমিটারে ২০ টাকা, ৬ থেকে ৮ কিলোমিটারে ২২ টাকা, ৮ থেকে ১২ কিলোমিটারে ২৪ টাকা, ১২ থেকে ১৬ কিলোমিটারে ২৬ টাকা, ১৬ থেকে ২০ কিলোমিটারে ২৮ টাকা এবং ২০ থেকে ২২ কিলোমিটারে ৩০ টাকা ভাড়ার প্রস্তাব রাখা হয়েছে ।

শুধু কলকাতা নয়, জেলার বেসরকারি বাস এবং বিভিন্ন ধরনের বাস পরিষেবার ভাড়াও বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংগঠনটি । জেলার সাধারণ বাসে প্রথম চার কিলোমিটারের ভাড়া ২০ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা করার দাবি জানানো হয়েছে । এক্সপ্রেস বাসে প্রথম চার কিলোমিটারে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১ টাকা ৫০ পয়সা ভাড়ার প্রস্তাব রয়েছে । সাধারণ এসি বাসে প্রথম চার কিলোমিটারে ৪০ টাকা এবং ভলভো বাসে প্রথম দুই কিলোমিটারে ৫০ টাকা ভাড়া ধার্য করার দাবি জানানো হয়েছে । পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, আসানসোল, মালদহ এবং দার্জিলিঙের মতো বিভিন্ন জেলা ও পাহাড়ি এলাকার মিনিবাসের ভাড়াও দ্রুত পুনর্বিন্যাস করার দাবি উঠেছে ।

বাস মালিকদের বক্তব্য, বছরে গড়ে মাত্র ২৭০ দিন বাস রাস্তায় চালানো সম্ভব হয় । অথচ বাস চালানোর জন্য প্রতিদিন জ্বালানি, কর্মীদের বেতন, পুলিশ সংক্রান্ত জরিমানা বা মামলা এবং টায়ারের খরচ বহন করতে হয় । এর পাশাপাশি রয়েছে ব্যাঙ্কের ঋণের মাসিক কিস্তি বা ইএমআই, তিন মাস অন্তর রোড ট্যাক্স এবং বার্ষিক ফিটনেস সার্টিফিকেট ও বিমার খরচ । সব মিলিয়ে বর্তমান ভাড়ায় বাস চালানো ক্রমশ কঠিন হয়ে পড়ছে বলে দাবি মালিকদের ।
সংগঠনের মতে, বেসরকারি বাস পরিবহণ শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং বাস মালিক ও পরিচালকদের ন্যূনতম আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হলে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজ্ঞানসম্মত উপায়ে ভাড়া বাড়ানো জরুরি ।

পরিবহণ দফতরের একাংশের দাবি, সরকারিভাবে ভাড়া বৃদ্ধির অনুমতি না মিললেও বেসরকারি বাস মালিকদের একাংশ ইতিমধ্যেই নিজেদের মতো করে ভাড়া বাড়িয়েছেন । বর্তমানে অনেক বাসে ন্যূনতম ১৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে । দূরত্ব অনুযায়ী সেই ভাড়া বেড়ে সর্বোচ্চ ১৮ টাকা পর্যন্ত হচ্ছে । বিষয়টি রাজ্য সরকারেরও নজরে রয়েছে ।

তাই বাস মালিকদের নতুন প্রস্তাব পাওয়ার পর সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেই ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছে পরিবহণ দফতর । উল্লেখ্য, পুজোর আগে পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছিলেন, পুজোর পরেই বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করবে রাজ্য সরকার । সেই ঘোষণার পর লক্ষ্মীপুজো পেরোতেই ফের ভাড়া বৃদ্ধির প্রস্তাব জমা দিল বাস মালিকদের সংগঠন ।

এখন দেখার, বাস মালিকদের এই দাবিতে রাজ্য সরকার শেষ পর্যন্ত সায় দেয় কি না । সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আগামী দিনে কলকাতা-সহ রাজ্যের বেসরকারি বাসের ভাড়া বাড়বে কি না ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!