Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৮, ২০২২

পরনে শাড়ি, মুখে চওড়া হাসি, করজোড়ে নমস্কার, কান চলচ্চিত্র উৎসবে খাঁটি ভারতীয় রূপ দীপিকার

আরম্ভ ওয়েব ডেস্ক
পরনে শাড়ি, মুখে চওড়া হাসি, করজোড়ে নমস্কার, কান চলচ্চিত্র উৎসবে খাঁটি ভারতীয় রূপ দীপিকার

ছবি: রয়টার্স .

এ বছর কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অতিথি নন, তিনি বিচারকের আসনে বসেছেন । ৭৫তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন। যাঁর মধ্যে অন্যতম দীপিকা। কান-এ পৌঁছেই জুরি সদস্যদের সঙ্গে নৈশভোজে দীপিকার সাজপোশাক ইতিমধ্যেই নজর কেড়েছিল অনুরাগীদের।

১৭ মে থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। গতকাল রেড কার্পেট অনুষ্ঠানে ভারতীয় পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা শাড়িতে একেবারে অনন্যা রূপে ক্যামেরাবন্দি হলেন দীপিকা। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি গুণমুগ্ধদের সঙ্গে ভাগ করেছেন অভিনেত্রী।

কালো ও সোনালি রঙের ডোরাকাটা চুমকির নকশা করা শাড়িতে তাঁর সৌলুস যেন চুইয়ে পড়ছে । ব্রালেটের সঙ্গে সেই শাড়ির মেলবন্ধন নজর কেড়েছে নেটাগরিকদের। হাই মেক আপ, মোটা লাইনার, বান হেয়ার স্টাইল, সোনালি হেয়ার ব্যান্ড, কানে সব্যসাচীর নকশা করা ভারী দুল— যেন ষাটের দশকের নায়িকাদের কথা মনে করিয়ে দিলেন দীপিকা। সব্যসাচীও নিজের সোশ্যাল মিডিয়ায় দীপিকার এই রেট্রো লুকের ছবিটি শেয়ার করেছেন ।

কান চলচ্চিত্র উৎসবে প্রতি বছর জড়ো হন হাজার হাজার তারকা। এই উৎসবে কোন তারকা কী পরলেন, তা নিয়ে চর্চা শেষ থাকে না । কার পোশাক কত অদ্ভূত, কে কত দামি পোশাক পরলেন— তা-ও হয়ে ওঠে আলোচনার বিষয়। দীপিকাকে ভারতীয় পোশাকে সাজতে দেখে প্রশংসায় পঞ্চমুখ গুণমুগ্ধরা । শুধু সাজেই নয়, সকলকে হাতজোড় করে নমস্কার করলেন খাঁটি ভারতীয় কায়দায়। চলচিত্র উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। আগামী দিনেও দীপিকার সাজপোশাকে কী নয়া চমক থাকবে সেই দিকেই তাকিয়ে তাঁর ফ্যানেরা ।


❤ Support Us
error: Content is protected !!