- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৫, ২০২৬
পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির, উত্তরপ্রদেশে বাতিল জ্ঞানেশ কুমারের দুই কর্মসূচি
নির্বাচন কমিশনকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উত্তরপ্রদেশ সফরের দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। এরই মধ্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের তরফে জানানো হয়েছে, শনিবারের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর, গান্ধীজয়ন্তীর দিন মুম্বাই থেকে আন্দোলন শুরু করা হবে। পরে দেশের বিভিন্ন শহরে সে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সিজেপি। শুক্রবার সমাজমাধ্যমে দলের নেতা অভিজিৎ দীপ জানান, শনিবারের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরু হবে। পরবর্তী সময়ে দেশের প্রতিটি শহরে সেই আন্দোলন নিয়ে যাওয়ার কথাও জানান তিনি। গান্ধীজয়ন্তীতে গণতন্ত্র রক্ষার শপথ নেওয়ার আহ্বানও জানান সিজেপি নেতা। এ পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশে জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার মেরঠে নবীন ভোটারদের সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা ছিল। পাশাপাশি, সোমবার বারাণসীতে ‘জেন জি’-র প্রতিনিধিদের সঙ্গে তাঁর একটি কর্মসূচি নির্ধারিত ছিল। আপাতত দুটি অনুষ্ঠানই স্থগিত রাখা হয়েছে।
তবে কর্মসূচি স্থগিত করার সঙ্গে সাম্প্রতিক বিতর্কের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে নির্বাচন কমিশন। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, এ ধরনের অনুষ্ঠানের তারিখ পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সময়সূচি, অনুষ্ঠানস্থল পাওয়া যাচ্ছে কি না এবং প্রাকৃতিক পরিস্থিতি-সহ বিভিন্ন বিষয়ের উপর অনুষ্ঠানসূচি নির্ভর করে। অন্যদিকে, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ মতবিরোধ বিতর্ক আরও তীব্র হচ্ছে। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশী অভিযোগের উপর ভিত্তি করে সুর চড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁরা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেছে। তাঁদের অভিযোগ, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগ গ্রহণ করা হয়নি। কমিশনের বক্তব্য, নির্বাচন কমিশনারদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়। কমিশনের এই ব্যাখ্যার পরেও অবশ্য রাজনৈতিক বিতর্ক থামেনি। বরং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। এ আবহে সিজেপি-ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে। দলের ঘোষণা অনুযায়ী, ২ অক্টোবর মুম্বাই থেকে শুরু হতে চলা এই আন্দোলন পরবর্তীতে দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
❤ Support Us







