- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- ফেব্রুয়ারি ২১, ২০২৩
মধ্যরাতে মহানগরে জ্বলে উঠল ভাষার যাদু মশাল। শিখা হাতে হাঁটল সমাবেশ। কবিতায়, গানে গানে রাতভর জেগে রইল অ্যাকাডেমির রাস্তা।
কলকাতায় রবীন্দ্র সদন চত্বরে ভাষা চেতনার অনুষ্ঠান
মহান একুশের স্মরণে গতকাল মধ্যরাতে, মধ্য কলকাতার রাস্তায় জেগে উঠল বাংলা ভাষার যাদু মশাল। এবার ২৫ বছরে পা রাখল ভাষা-চেতনা সমিতির ভাষা উৎসব। সমবেত উৎসবের নেতৃত্বে আগের মতোই অঙ্গীকারবদ্ধ অধ্যাপক ইমানুল হক। তাঁর পাশে দাঁড়াল নবজাগরণ, গুরুচণ্ডাল আর সমবেত ভাষা প্রেম।
এবার উৎসবের আয়তন আর আড়ম্বর একটু বেশি। জনসমাগম নজর কাড়ল নৈশযাত্রীদের। পুলিশও উচ্ছ্বসিত। শান্তি ও শৃঙ্খলার রক্ষীবাহিনীর অনেকেই হাঁটলেন মিছিলে। পায়ের সঙ্গে পা মিলিয়ে। কণ্ঠে তাঁদের বেজে উঠলেন, ‘আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশের ‘ কিংবদন্তি গীতিকার আব্দুল গফফর চৌধুরী। সবার সঙ্গে নিঃশব্দ চরণে হাঁটল তাঁর অদৃশ্য উপস্থিতি। গানে গানে , কথা আর আবৃত্তি নিয়ে প্রায় সারারাত জেগে রইল মধ্যরাতের মহানগর। মঙ্গলবার রাজ্য জুড়েই উৎসবের শুরু । সজল নয়নে, সুদৃঢ় অঙ্গীকারে মহান ভাষা শহিদদের স্মরণ করল নির্বিশেষের বাংলা।
❤ Support Us








