- দে । শ
- জুলাই ২৪, ২০২৬
প্রতিবাদের মুখে উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে অপসারণ কেন্দ্রীয় সরকারের, নতুন সচিব নরেশ পাল
নিট প্রশ্নপত্র ফাঁসের জেরে দিল্লিতে ব্যাপক বিক্ষোভের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। অপসারিত করা হল উচ্চশিক্ষা সচিব বিনীত যোশিকে। তাঁর জায়গায় নতুন শিক্ষা সচিব নিযুক্ত করা হয়েছে ১৯৯৪ ব্যাচের আইএএস কর্মকর্তা নরেশ পাল গাঙ্গোয়ারকে। ১৯৯৪ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস কর্মকর্তা নরেশ পাল গাঙ্গোয়ার। উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে নিয়োগের আগে তিনি মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রণালয়ের অধীনস্থ পশুপালন ও দুগ্ধ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিনীত যোশিকে পঞ্চায়েতি রাজ বিভাগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়।
নরেশ পাল গাঙ্গোয়ার প্রশাসনিক কর্মজীবনে, কেন্দ্রীয় সরকার এবং রাজস্থান সরকারের অধীনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই দফতরে তিনি বায়ু ও জল দূষণ নিয়ন্ত্রণ এবং বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভাগগুলির তত্ত্বাবধান করতেন। রাজস্থান সরকারের মুখ্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন নরেশ পাল গঙ্গোয়ার। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে জাতীয় সৌর মিশনের প্রাথমিক পর্যায়ে নীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আইএএস অফিসার নরেশ পাল গাঙ্গোয়ার আইআইটি–র প্রাক্তন ছাত্র। তিনি আইআইটি রুরকি থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ডিগ্রি লাভ করেন। এরপর তিনি আইআইটি দিল্লি থেকে কমিউনিকেশন অ্যান্ড রাডার ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
আইএএস বিনীত যোশি ২০২৫ সালের ১৬ জানুয়ারি শাস্ত্রী ভবনে উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মণিপুরের মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা সচিব হওয়ার আগে তিনি শিক্ষা খাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর মহাপরিচালক, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর চেয়ারম্যান এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। বিনীত যোশিও আইআইটি–র প্রাক্তন ছাত্র। তিনি আইআইটি কানপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং তারপর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষা সচিবের পদে এই বদল এমন এক সময়ে করা হল, যখন কথিত নিট–ইউজি ২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই বিতর্কের জেরে ছাত্র বিক্ষোভ তীব্র হয়েছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোকে আরও স্বচ্ছ, সুরক্ষিত ও জবাবদিহিমূলক করার জন্য সংস্কারের দাবি বাড়ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
❤ Support Us





