Advertisement
  • দে । শ
  • অক্টোবর ৫, ২০২৬

দিল্লি কর্মসূচির আগে সিজেপি নেতাদের গ্রেফতারির আশঙ্কা, কেন্দ্রকে কড়া বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
দিল্লি কর্মসূচির আগে সিজেপি নেতাদের গ্রেফতারির আশঙ্কা, কেন্দ্রকে কড়া বার্তা

১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির আগে দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করা হতে পারে—এমনই আশঙ্কা প্রকাশ করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ-সহ একাধিক দাবিতে আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে শনিবার যন্তর মন্তরে বড় কর্মসূচির ঘোষণা করেছে দলটি। তার আগেই যদি কেন্দ্রীয় সরকার তাদের নেতাদের আটক বা গ্রেফতার করার চেষ্টা করে, তা হলে সেই পদক্ষেপকে ‘স্বৈরাচারী’ বলে আক্রমণ করেছে সিজেপি।

রবিবার রাতে সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় সিজেপি নেতা সৌরভ দাস দাবি করেন, দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, তাঁকে এবং দলের আরও কয়েকজন নেতাকে গ্রেফতার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, সরকার যদি মনে করে এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আন্দোলন থামিয়ে দেওয়া সম্ভব হবে, তা হলে তারা ভুল হিসাব করছে। দেশের যুবসমাজ ইতিমধ্যেই জেগে উঠেছে এবং নিজেদের অধিকার ও ভবিষ্যতের জন্য মানুষকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সৌরভ আরও বলেন, তাঁরা জেলে যাওয়ার জন্যও প্রস্তুত। তাঁর বক্তব্য অনুযায়ী, আন্দোলনে কেউ তাঁদের সঙ্গে যোগ দিতে পারেন, আবার তাঁদের সঙ্গে না থেকেও নিজেদের অধিকারের দাবিতে প্রতিবাদ চালিয়ে যেতে পারেন।

সৌরভের বক্তব্য প্রকাশ্যে আসার পর সিজেপি প্রধান অভিজিৎ দীপকেও সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ করে তিনি প্রশ্ন তোলেন, এত মানুষকে গ্রেফতার করে কি আন্দোলন থামানো সম্ভব হবে? একই সঙ্গে তিনি দাবি করেন, ১০ অক্টোবর যন্তর মন্তরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জমায়েত করবেন।

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সূত্রপাত অবশ্য আরও আগে। ২ অক্টোবর, গাঁধীজয়ন্তীর দিনে মুম্বইয়ের শিবাজি পার্কে ককরোচদের একটি বড় জমায়েত হয়েছিল। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া এবং ভোটার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে সেখানে প্রতিবাদ জানানো হয়। সিজেপির দাবি, ওই কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

শিবাজি পার্কের সেই কর্মসূচির পরেই অভিজিৎ দীপকে দিল্লিতে আন্দোলনের ডাক দেন। তাঁর ঘোষণা ছিল, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ককরোচরা মিছিল করে রাজধানীতে পৌঁছবেন এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ করবেন। একই সঙ্গে দিল্লি পুলিশ তাঁদের আটকানোর চেষ্টা করলে যে জায়গায় তাঁদের আটকে দেওয়া হবে, সেখানেই তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

এর আগে নিটের প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করেও দিল্লিতে সরব হয়েছিল সিজেপি। ওই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করা হয়েছিল। সেই সময় যন্তর মন্তরে দলের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে অনশন করেছিলেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। পরবর্তীতে ২০ জুলাই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে যাওয়ার কর্মসূচি নেন। অভিযোগ ওঠে, সেই মিছিল আটকাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে। আন্দোলন নিয়ন্ত্রণে ছররা গুলিও ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আপত্তি বেশ কিছুদিন ধরেই চলছে। বিরোধী দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার ফলে বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের আরও অভিযোগ, এর মাধ্যমে পরোক্ষভাবে বিজেপি রাজনৈতিক সুবিধা পেয়েছে এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই বিতর্কের মধ্যেই কয়েক দিন আগে ইংরেজি দৈনিক ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অন্য দুই নির্বাচন কমিশনারের মতামতকে উপেক্ষা করেছিলেন। প্রতিবেদনের দাবি অনুযায়ী, গত ১০ মাসে জ্ঞানেশ কুমারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য সুখবিন্দর সিংহ সঁধু এবং বিবেক জোশী মোট ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন।

তবে নির্বাচন কমিশন এই অভিযোগগুলি অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত গ্রহণে নিয়মবহির্ভূত ভূমিকার অভিযোগ মানা হয়নি। কিন্তু অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যেই জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক প্রতিবাদ ক্রমশ তীব্র হয়েছে। তাঁর পদত্যাগের দাবিও আরও জোরালো হয়েছে।

এখন নজর ১০ অক্টোবরের যন্তর মন্তরের কর্মসূচির দিকে। তার আগে সিজেপি নেতাদের গ্রেফতারির আশঙ্কার দাবি এবং কেন্দ্রের বিরুদ্ধে তাঁদের প্রকাশ্য হুঁশিয়ারি নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!