- ন | ন্দ | ন | চ | ত্ব | র মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ২৫, ২০২৫
শতবর্ষে ইস্টবেঙ্গল, তথ্যচিত্র নির্মাণ গৌতম ঘোষের। ভালো দল গড়ে ময়দানে প্রত্যাবর্তনের বার্তা মুখ্যমন্ত্রীর
শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ইতিহাসের ওপর তথ্যচিত্র তৈরি করেছেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে গৌতম ঘোষের তৈরি ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ নামের এই তথ্যচিত্রটি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে এসে ইস্টবেঙ্গলকে পরের মরশুমে ভাল দল গড়ার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে মহিলা আই লিগে ভারতসেরা ইস্টবেঙ্গল দলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজয়ী দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন।
সাম্প্রতিককালে চূড়ান্ত ব্যর্থ ইস্টবেঙ্গল। অন্যদিকে, একের পর এক সাফল্য পেয়েই চলেছে মোহনবাগান। মোহনবাগানের উদাহরণ তুলে ধরে মমতা বলেন, ‘আমার একটা ক্ষোভ আছে। ইমামি ক্লাবকে অনেক সাহায্য করছে। এগিয়ে যাওয়ার জন্য ভাল ফুটবলার দরকার। কঠিন সিদ্ধান্ত নিন। নতুন মরশুম পজিটিভিটি দিয়ে শুরু করুন। ভাল প্লেয়ার দলে নিন। ভাল টাকা খরচ মানে ভালো প্লেয়ার নয়। প্লেয়ার নিয়ে আগে থেকে পরিকল্পনা করুন। বিয়ের ঠিক আগে যদি ডেকরেটরকে কাজ করতে দেন, তবে কি সে ভাল করে কাজ করতে পারবে ? এখানেও বিষয়টা ঠিক তেমনই। বুদ্ধি করে দল তৈরি করতে হবে। মোহনবাগান তো প্লেয়ার নিচ্ছে বুদ্ধি করে। ওরা চ্যাম্পিয়নও হচ্ছে। আইএসএল জিতছে পরপর। কীভাবে পাচ্ছে তাঁরা সাফল্য ? আগামী বছর যেন ব্যর্থতা না আসে।’
এরপর মহিলা দলের সাফল্যের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহিলা ফুটবল দল ইস্টবেঙ্গলের গর্ব। ওরা ভারতসেরা হয়েছে। গোটা দলকে আমি অভিনন্দন জানাচ্ছি। দলের কোচকেও অভিনন্দন। সবথেকে গর্বের বিষয় হল ইস্টবেঙ্গলের মহিলা দল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। আশা করব, সেখানেও জয়যাত্রা অব্যাহত থাকবে। আগাম শুভেচ্ছা রইল।’ এরপরই তিনি মহিলা দলকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। মমতা ব্যানার্জি বলেন, ‘’ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দলকে ৫০ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করছি। আমরা তিন প্রধানকেই অর্থসাহায্য করেছি। অনেক অ্যাকাডেমি তৈরি করেছি। একটা সময় খেলাধুলায় বরাদ্দ ছিল ১২৬ কোটি টাকা। আমরা আসার পর তা বেড়ে হয়েছে ৮৪০ কোটি টাকা।’
৫৮ মিনিটের এই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের ১০০ বছরের সামগ্রিক ইতিহাসকে। শতবর্ষ পেরনো ক্লাবের ফুটবল ইতিহাসের সোনালী অধ্যায়গুলো তুলে ধরা হয়েছে। তথ্যচিত্রটি মূলত শুক্রবার নন্দনে প্রথমবারের মতো প্রদর্শিত হওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর সময়ের জন্যই বৃহস্পতিবার উদ্বোধন হল। ২০১৯ সালে তথ্যচিত্রটির চিত্রগ্রহণ শুরু করেছিলেন গৌতম ঘোষ, ক্লাবের শতবর্ষ পূর্তির এক বছর আগে। গৌতম ঘোষ বলেন, ‘অনেক বাধা বিপত্তি পেরোতে হয়েছে। খেলার ফুটেজ পাওয়া কঠিন হয়। বাকি গুলো হার্ড ডিক্সে দেওয়া হয়েছে ক্লাবকে। একটা ইতিহাসকে তুলে ধরা হয়েছে।’
❤ Support Us







