Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ২৭, ২০২৩

সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মমতা। গঠিত হচ্ছে আরেকটি সংখ্যালঘু উন্নয়ন বোর্ড

আরম্ভ ওয়েব ডেস্ক
সংখ্যালঘু দফতরের দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন মমতা। গঠিত হচ্ছে আরেকটি সংখ্যালঘু উন্নয়ন বোর্ড

চিত্র: সংবাদ সংস্থা

সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানিকে সরিয়ে, সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতরের দায়িত্ব এবার নিজেই সামলানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোলাম রব্বানিকে উদ্যান পালন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। রব্বানির পরিবর্তে সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন মালদহের হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন।

সম্প্রতি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী। চলতি মাসের গোড়ায় সাগরদিঘিতে উপ-নির্বাচনের ফলাফল প্রকাশের পরে রাজনৈতিক মহলের আলোচ্য ছিল, এই রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তৃণমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিনা। সাগরদিঘির উপ-নির্বাচনে পরাজয়ের কারণ খতিয়ে দেখতে সংখ্যালঘু সম্প্রদায়ের চার মন্ত্রীকে নিয়ে কমিটিও গঠন করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কমিটিতে রাখা হয় সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, গোলাম রব্বানি এবং জাভেদ খানকে।

এরপরেই এই রদবদল নিয়ে চলছে জল্পনা। সম্প্রতি সাগরদিঘিতে বিধানসভা উপ-নির্বাচনে তৃণমূলের উল্লেখযোগ্য ভোটে পরাজয়ের পর থেকেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব চুলচেরা বিশ্লেষণ শুরু করে হারের কারণ খতিয়ে দেখতে। এও খতিয়ে দেখা হয়েছে, এই কেন্দ্রের সংখ্যালঘু ভোট তৃণমূলের বিপক্ষে গিয়েছে কিনা। কেন সংখ্যালঘুরা তৃণমূলের প্রতি বিরাগভাজন হল, এর কারণও খোঁজা হচ্ছে।

এদিকে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এরপরই ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তৃণমূল সূত্রের খবর, কোনও ঝুঁকি না নিয়ে এই পরিস্থিতিতে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতর নিজেই দেখভাল করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো সাগরদিঘিতে তৃণমূলের পরাজয়ের কারণ হিসেবে অবশ্য দাবি করেছেন, বাম-কংগ্রেসের ‘অনৈতিক জোটে’র ফলেই উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী পরাজিত হয়েছেন। উল্লেখ্য, সাগরদিঘি বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত।

এর পাশাপাশি তৃণমূলের সংখ্যালঘু সেলেও রদবদল ঘটানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়া হয়েছে ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে। এর আগে সংখ্যালঘু সেলের দায়িত্বে ছিলেন হাজি নুরুল ইসলাম।

সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছে। এদিন ওই বৈঠকের পরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেছেন, রাজ্যে আরেকটি সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠিত হচ্ছে। ২০১১ সালে বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে তৃণমূল সরকার প্রথম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডটি গঠন করেছিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!